বাংলাদেশকে তাবেদার রাষ্ট্র হতে দেয়া হবে না: প্রধানমন্ত্রী

বাংলাদেশকে তাবেদার রাষ্ট্র হতে দেয়া হবে না: প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রী তারেক রহমান।

দেশপ্রেমিক জনগণ, জনগণের কাছে দায়বদ্ধ জবাবদিহিমূলক গণতান্ত্রিক সরকার এবং সশস্ত্র বাহিনীর মধ্যে ‘সবার আগে বাংলাদেশ’ চেতনা জাগ্রত থাকলে বাংলাদেশকে আর কেউ কখনো তাবেদার রাষ্ট্রে পরিণত করার সাহস পাবে না বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার সন্ধ্যায় ঢাকা ক্যান্টনমেন্টে সশস্ত্র বাহিনী দিবসের সংবর্ধনা অনুষ্ঠানে দেওয়া বক্তব্যে তিনি এ কথা বলেন।

অনুষ্ঠানে প্রধানমন্ত্রী স্বাধীনতার ঐতিহাসিক প্রেক্ষাপট তুলে ধরে বলেন, ১৯৭১ সালের ২৬ মার্চ রাত ২টা ১৫ মিনিটে শহীদ জিয়াউর রহমান সশস্ত্র বাহিনীকে বাংলাদেশের স্বাধীনতার জন্য সশস্ত্র সংগ্রামে অবতীর্ণ হওয়ার নির্দেশ দেন এবং পরদিন ২৭ মার্চ কালুরঘাট বেতার কেন্দ্র থেকে পুনরায় স্বাধীনতার ঘোষণা দেন। ফলে ঐতিহাসিক কারণেই বাংলাদেশের সশস্ত্র বাহিনীর ইতিহাস অনন্য ও অসাধারণ।

বিজ্ঞাপন

স্বাধীনতা-পরবর্তী বিভিন্ন ষড়যন্ত্রের কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, সশস্ত্র বাহিনীর ইমেজ বিনষ্ট করা এবং বাংলাদেশের সার্বভৌমত্ব ভুলুণ্ঠিত করার অপচেষ্টা বিভিন্ন সময় চলেছে। ১৯৭৫ সালের ৭ নভেম্বর দেশের সিপাহী-জনতা ঐক্যবদ্ধভাবে দেশকে তাবেদার রাষ্ট্রে পরিণত করার অপচেষ্টা রুখে দিয়েছিল। তবে ষড়যন্ত্রকারীরা থেমে থাকেনি উল্লেখ করে তিনি বলেন, ৭ নভেম্বরের পরাজিত অপশক্তি মহাজোটের নামে একজোট হয়ে ২০০৯ সালে রাজধানীর পিলখানায় বিডিআর বিদ্রোহের নামে নির্বিচারে সেনা হত্যাযজ্ঞ সংঘটিত করেছিল; যার পরবর্তী ভয়ঙ্কর পরিণতি দেশবাসীর জানা।

১৯৭১ সালের মুক্তিযুদ্ধ, ১৯৭৫ সালের ৭ নভেম্বরের সিপাহী-জনতার বিপ্লব এবং ২০২৪ সালের ৫ আগস্টের গণ-অভ্যুত্থানের কথা স্মরণ করে তিনি বলেন, দেশের প্রতিটি ক্রান্তিকালেই সশস্ত্র বাহিনী দেশ ও জনগণের পক্ষে যুগান্তকারী ভূমিকা পালন করেছে।

লাখো শহীদের প্রতি সম্মান জানাতে দুটি প্রধান কর্তব্যের কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, প্রথম এবং প্রধান কর্তব্য হচ্ছে যেকোনো মূল্যে শহীদদের আত্মত্যাগের মাধ্যমে অর্জিত দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা করা। দ্বিতীয়টি হচ্ছে শহীদদের কাঙ্ক্ষিত একটি নিরাপদ, স্বনির্ভর ও গণতান্ত্রিক কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠা করা।

সশস্ত্র বাহিনীর আধুনিকায়ন ও কল্যাণমূলক পরিকল্পনার কথা জানিয়ে তিনি বলেন, স্থলভাগের পাশাপাশি দেশের আকাশ ও সমুদ্রসীমার সার্বভৌমত্ব নিশ্চিতে সরকার নতুন ‘প্ল্যানিং গাইডেন্স’ প্রণয়ন করেছে। সময়ের চাহিদার সঙ্গে তাল মিলিয়ে সাইবার নিরাপত্তা, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই), ড্রোন, ইলেকট্রনিক যুদ্ধ এবং মহাকাশভিত্তিক নজরদারির সক্ষমতা অর্জনে সরকার কাজ করছে।

এছাড়া সশস্ত্র বাহিনীর সদস্যদের জীবনমান উন্নয়নে ইতিমধ্যে ‘জয়েন্ট সার্ভিসেস হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট বোর্ড’ গঠন করা হয়েছে বলে জানান প্রধানমন্ত্রী। তিনি ঘোষণা দেন, আগামী ২০৩০ সালের মধ্যে ‘ওয়ান র‍্যাঙ্ক ওয়ান পেনশন’ পদ্ধতিসহ সশস্ত্র বাহিনীর বর্তমান ও সাবেক কর্মকর্তা-সদস্যদের কল্যাণে গৃহীত পদক্ষেপগুলো ধীরে ধীরে বাস্তবায়ন করা হবে।

বক্তব্যের শেষে প্রধানমন্ত্রী পার্বত্য চট্টগ্রামে শান্তি প্রতিষ্ঠা, দেশের প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলা এবং জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বাংলাদেশ সশস্ত্র বাহিনীর ভূমিকার ভূয়সী প্রশংসা করেন। পাশাপাশি দেশে ও বিদেশে দায়িত্ব পালনকালে শাহাদাতবরণকারী বীর সেনানীদের আত্মার মাগফিরাত কামনা এবং আহত সদস্যদের প্রতি গভীর সহমর্মিতা জানান।

#ডব্লিউএ

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
Loading...