শাহজালাল বিমানবন্দরে সাড়ে ৭ কেজি স্বর্ণসহ গ্রেপ্তার ৩ জন রিমান্ডে

শাহজালাল বিমানবন্দরে সাড়ে ৭ কেজি স্বর্ণসহ গ্রেপ্তার ৩ জন রিমান্ডে
ফাইল ছবি

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ১১ কোটি ৬৭ লাখ টাকা মূল্যের প্রায় সাড়ে ৭ কেজি স্বর্ণ জব্দের ঘটনায় গ্রেপ্তার তিন আসামিকে রিমান্ডে নিয়েছেন আদালত।

বিজ্ঞাপন

রোববার ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. জাকির হোসাইনের আদালত এ আদেশ দেন।

রিমান্ডে যাওয়া আসামিরা হলেন, মুন্সিগঞ্জ সদর উপজেলার পশ্চিম দেওভোগ এলাকার মো. ইয়াছিন আরাফাত সৌরভ (২৯), নোয়াখালীর সুধারাম থানার বৈকুণ্ঠপুর এলাকার মো. জাকিরুল ইসলাম জুয়েল (৫৩) এবং কুমিল্লার বরুড়া থানার আরিফপুর এলাকার মো. শাওন (৩৯)।

এর আগে আসামিদের আদালতে হাজির করেন মামলার তদন্ত কর্মকর্তা ও বিমানবন্দর থানার উপপরিদর্শক (এসআই) মো. শফিকুল ইসলাম। পরে তাদের জিজ্ঞাসাবাদের জন্য ১০ দিনের রিমান্ডের আবেদন করেন তিনি।

রিমান্ড আবেদনে বলা হয়, মামলার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের স্বার্থে এই চক্রের সঙ্গে জড়িত অন্য আসামিদের নাম-ঠিকানা উদ্ঘাটন এবং অবৈধ স্বর্ণ চোরাচালানের অর্থ জোগানদাতা ও মূল হোতাদের শনাক্ত করে গ্রেপ্তারের লক্ষ্যে আসামিদের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা প্রয়োজন। উভয় পক্ষের শুনানি শেষে প্রত্যেকের পাঁচ দিন করে রিমান্ড মঞ্জুর করেন আদালত।

মামলা সূত্রে জানা গেছে, শনিবার (২১ নভেম্বর) সকাল ১০টা থেকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বিশেষ অভিযান পরিচালনা করছিল এয়ারপোর্ট আর্মড পুলিশ ব্যাটালিয়ন (১৩ এপিবিএন)। সকাল ১০টা ৫০ মিনিটের দিকে আগমনী টার্মিনালের ১ নম্বর ক্যানোপিতে অবস্থানকালে গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারে, আগমনী ২ নম্বর ক্যানোপির আউটগেট-সংলগ্ন উত্তর পাশের পাকা রাস্তার ওপর স্বর্ণ চোরাচালানের উদ্দেশ্যে কয়েকজন ব্যক্তি অবস্থান করছেন।

পরে বেলা ১১টার দিকে সেখানে পৌঁছালে পুলিশের উপস্থিতি টের পেয়ে ওই তিনজন সুকৌশলে পালানোর চেষ্টা করেন। এ সময় এপিবিএন সদস্যরা তাদের আটক করেন। পালানোর কারণ জানতে চাইলে তারা কোনো সদুত্তর দিতে পারেননি। বেলা সোয়া ১১টার দিকে জিজ্ঞাসাবাদের জন্য তাদের আগমনী ১ নম্বর ক্যানোপি-সংলগ্ন এপিবিএন কার্যালয়ে নেওয়া হয়। সেখানে জিজ্ঞাসাবাদের একপর্যায়ে ইয়াছিন আরাফাত সৌরভ তার কাছে স্বর্ণ থাকার কথা স্বীকার করেন। তবে এর স্বপক্ষে কোনো বৈধ কাগজপত্র দেখাতে পারেননি।

খবর পেয়ে দুপুর সোয়া ৩টার দিকে স্বর্ণ পরীক্ষার জন্য মিরপুর-১১ এলাকার ‘দি নিউ ইসলাম জুয়েলার্স’-এর স্বত্বাধিকারী মো. মাহফুজুল ইসলাম সেখানে উপস্থিত হন। উপস্থিত সাক্ষীদের সামনে ইয়াছিন আরাফাত সৌরভের কোমরে রাখা একটি পুরোনো কমলা রঙের সুতি কাপড়ের ভেতর থেকে কালো ও সাদা স্কচটেপে মোড়ানো ১৫টি ডিম্বাকৃতির স্বর্ণের ভেজা পেস্ট বের করা হয়। পরে কষ্টিপাথর ও অ্যাসিড দিয়ে পরীক্ষা করে উদ্ধার করা পেস্টগুলো ২৪ ক্যারেট মানের স্বর্ণ বলে প্রত্যয়ন করেন ওই স্বর্ণকার। বিকেল সোয়া ৩টা থেকে পৌনে ৫টার মধ্যে উদ্ধার করা আলামত জব্দ করা হয়।

এ ঘটনায় শনিবার রাতে ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনের ২৫বি(১)(বি)/২৫ডি ধারায় রাজধানীর বিমানবন্দর থানায় একটি মামলা করা হয়।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
Loading...