কাঁচা মরিচের ঊর্ধ্বমুখী দাম নিয়ন্ত্রণে আমদানির অনুমতি দিয়েছে সরকার। একই সঙ্গে পণ্যটির আমদানির ওপর বিদ্যমান কর কমানোর উদ্যোগ নেওয়া হয়েছে। আগামীকাল সোমবার থেকে আমদানি কার্যক্রম শুরু হবে। এর ফলে দুই থেকে পাঁচ দিনের মধ্যে বাজারে কাঁচা মরিচের দাম সহনীয় পর্যায়ে নেমে আসবে বলে আশা প্রকাশ করেছেন কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ।
রোববার রাজধানীর শান্তিনগর কাঁচাবাজার পরিদর্শন শেষে সাংবাদিকদের এ তথ্য জানান তিনি। নিত্যপ্রয়োজনীয় পণ্যের সরবরাহ, মূল্য ও সার্বিক বাজার পরিস্থিতি পর্যবেক্ষণে বাণিজ্যমন্ত্রী খন্দকার আবদুল মুক্তাদির, কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ এবং খাদ্য প্রতিমন্ত্রী মো. আবদুল বারী বাজারটি ঘুরে দেখেন। এ সময় ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক মো. আবদুস সালাম উপস্থিত ছিলেন।
পরিদর্শনকালে মন্ত্রীরা ক্রেতা ও বিক্রেতাদের সঙ্গে কথা বলেন এবং বিভিন্ন নিত্যপণ্যের সরবরাহ, মূল্য ও বাজার পরিস্থিতির খোঁজখবর নেন। পরে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় কৃষিমন্ত্রী বলেন, কাঁচা মরিচের মূল্য স্থিতিশীল রাখতে সরকার দ্রুত পদক্ষেপ নিয়েছে। আমদানির অনুমোদনের পাশাপাশি শুল্ক-কর কমানোর সিদ্ধান্ত নেওয়া হচ্ছে। এতে সরবরাহ বাড়বে এবং বাজারে এর ইতিবাচক প্রভাব পড়বে বলে তিনি আশা করেন।
বর্তমানে রাজধানীর বিভিন্ন বাজারে প্রতি কেজি কাঁচা মরিচ ৩২০ থেকে ৩৮০ টাকায় বিক্রি হচ্ছে। কয়েক দিন আগে দাম ৪০০ টাকা পর্যন্ত উঠে যায়। এতে সাধারণ ভোক্তাদের ওপর বাড়তি চাপ তৈরি হয়েছে।
বাজার পরিদর্শন শেষে বাণিজ্যমন্ত্রী খন্দকার আবদুল মুক্তাদির বলেন, ভোক্তাদের জন্য বাজার পরিস্থিতি সহনীয় রাখতে সরকার প্রয়োজনীয় সব ধরনের ব্যবস্থা নেবে। গণমাধ্যমকর্মীদের উদ্দেশে তিনি বলেন, সরেজমিনে পাওয়া বাস্তব চিত্র বস্তুনিষ্ঠভাবে জনগণের সামনে তুলে ধরতে হবে। এতে ভোক্তাদের মধ্যে সচেতনতা বাড়বে, বিভ্রান্তি কমবে এবং কৃত্রিম সংকট তৈরি কিংবা মূল্য কারসাজির সুযোগ কমে আসবে।
এর আগে বাণিজ্য মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে অত্যাবশ্যকীয় ও নিত্যপ্রয়োজনীয় খাদ্য ও কৃষিপণ্যের সার্বিক বাজার পরিস্থিতি পর্যালোচনা এবং করণীয় নির্ধারণ নিয়ে একটি সভা অনুষ্ঠিত হয়। এতে বাণিজ্যমন্ত্রী, কৃষিমন্ত্রী ও খাদ্য প্রতিমন্ত্রী অংশ নেন। সভা শেষে তাঁরা সরেজমিনে শান্তিনগর কাঁচাবাজার পরিদর্শনে যান।
সরকারের নেওয়া পদক্ষেপের ফলে কাঁচা মরিচসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের সরবরাহ স্বাভাবিক হবে এবং বাজারে মূল্য স্থিতিশীলতা ফিরবে বলে সংশ্লিষ্টরা আশা করছেন।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

