নির্বাচন সামনে রেখে আসনভিত্তিক প্রার্থীদের নাম ও প্রতীক সংবলিত ব্যালট পেপার রিটার্নিং কর্মকর্তাদের কাছে পাঠানো শুরু করেছে নির্বাচন কমিশন (ইসি)। গত রোববার ও গতকাল সোমবার দুদিনে ২১ জেলায় ব্যালট পাঠিয়েছে ইসি। রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন কমিশন সচিবালয় থেকে এ তথ্য জানানো হয়েছে।
ইসিসংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, গত রোববার প্রথম দফায় ১৩ জেলায় ব্যালট পেপার পাঠানো হয়েছে। জেলাগুলো হলোÑমেহেরপুর, কুষ্টিয়া, চুয়াডাঙ্গা, ঝিনাইদহ, বাগেরহাট, মৌলভীবাজার, দিনাজপুর, পঞ্চগড়, লালমনিরহাট, লক্ষ্মীপুর, বান্দরবান, খাগড়াছড়ি ও রাঙামাটি। সোমবার দ্বিতীয় দফায় আরো আট জেলায় ব্যালট পাঠানো হয়। জেলাগুলো হলোÑহবিগঞ্জ, চাঁপাইনবাবগঞ্জ, গাজীপুর, মুন্সীগঞ্জ, বরিশাল, পটুয়াখালী, পিরোজপুর ও বরগুনা।
ইসি জানায়, ঢাকা থেকে কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে ধাপে ধাপে ব্যালট পেপারসহ অন্যান্য নির্বাচনি সামগ্রী পাঠানো হচ্ছে। এসব সরঞ্জাম রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে সংরক্ষিত থাকবে। ভোটের আগের দিন প্রতিটি কেন্দ্রে পৌঁছে দেওয়া হবে।
কমিশন জানায়, জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের জন্য প্রায় ২৬ কোটি ব্যালট পেপার ছাপানো হচ্ছে। এতে ব্যয় হচ্ছে প্রায় ৪০ কোটি টাকা। তফসিল অনুযায়ী, আগামী ১২ ফেব্রুয়ারি সারা দেশে সকাল সাড়ে সাতটা থেকে বিকাল সাড়ে চারটা পর্যন্ত টানা ভোটগ্রহণ চলবে।
ভোটকেন্দ্রের নিরাপত্তা ও সুষ্ঠু পরিবেশ নিশ্চিতে ইতোমধ্যে আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীর সদস্যদের মোতায়েন শুরু হয়েছে।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

