রাজধানীর উত্তরা পূর্ব থানা থেকে পালানো সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ আলমকে গ্রেপ্তারে সারাদেশে রেড অ্যালার্ট জারি করা হয়েছে। পুলিশ হেফাজত থেকে তার পালিয়ে যাওয়ার কারণে বর্তমান ওসি মহিবুল্লাহকে প্রত্যাহার করা হয়েছে।
শুক্রবার সন্ধ্যায় ডিএমপি মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান এ তথ্য নিশ্চিত করেন। ওসি মো. মহিবুল্লাহকে ক্লোজ করে সদর দপ্তরে সংযুক্ত করার কথা জানিয়েছেন তিনি।
এর আগে বৃহস্পতিবার দুপুরে উত্তরা পূর্ব থানা হেফাজত থেকে পালিয়ে যান শাহ আলম, যাকে বৈষম্যবিরোধী আন্দোলনের মামলায় আগের দিন বুধবার কুষ্টিয়া থেকে গ্রেপ্তার করা হয়েছিল। এ ঘটনায় দায়িত্বে ‘অবহেলার’ অভিযোগে এএসআই সাজ্জাদকে সাময়িক বরখাস্ত করা হয়।
প্রসঙ্গত, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে গত ১ আগস্ট উত্তরা পূর্ব থানায় ওসি হিসেবে যোগ দিয়েছিলেন শাহ আলম। আন্দোলনের সময়কার ভূমিকা নিয়ে গত ২ সেপ্টেম্বর উত্তরা পূর্ব থানায় দায়ের হওয়া হত্যা মামলায় তাকে আসামি করা হয়।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

