দেশের সব বিমানবন্দরে সতর্কতা জারির পরদিনই কোনো রকম বাধা ছাড়াই হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের রানওয়েতে ঢুকে পড়েছেন এক যুবক। এ ঘটনায় তাকে আটক করা হয়েছে। আটক যুবকের নাম জান্নাতুল ফেরদৌস (২২)। তার বাড়ি মেহেরপুর জেলায় বলে জানা গেছে।
মঙ্গলবার ভোর ৬টা ২১ মিনিটে অভ্যন্তরীণ টার্মিনালের একটি গেট দিয়ে ওই যুবক কোনো বাধা ছাড়াই শাহজালাল বিমানবন্দরের রানওয়েতে ঢুকে পড়েন। পরে নিরপত্তাকর্মীরা তাকে আটক করেন বিমানবন্দর কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে ওই যুবক বলেন, তিনি তার মামাকে রিসিভ করার জন্য বিমানবন্দরে আসেন। বিমান নামতে দেরি হওয়ায় বিমান দেখার জন্য কোনো বাধা ছাড়াই বিমানের কাছে চলে আসেন তিনি।
শাহজালাল বিমানবন্দরের নির্বহী পরিচালক, গ্রুপ ক্যাপ্টেন রাগিব সামাদ আমার দেশকে জানান, ডমেস্টিকের একটি গেইট দিয়ে বিমাবন্দরের ভেতরে এপ্রোন এলাকা পর্যন্ত যান ওই যুবক। সেখান থেকে তাকে আটক করা হয়। বর্তমানে তাকে ম্যাজিস্ট্রেট কোর্টে পাঠানো হয়েছে।
কর্মকর্তারা বলেন, ঘটনাটি ঘটেছে এমন সময়ে, যখন দেশের সব বিমানবন্দরে উচ্চমাত্রার নিরাপত্তা জোরদার করা হয়েছে। বিশেষ করে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের গুরুত্বপূর্ণ স্থানগুলোতে নজরদারি বাড়ানো হয়েছে। তবুও এমন অনুপ্রবেশের ঘটনায় নিরাপত্তা ব্যবস্থার কার্যকারিতা নিয়ে প্রশ্ন উঠেছে।
বিমানবন্দর সূত্র জানায়, দেশের গুরুত্বপূর্ণ স্থাপনায় সম্ভাব্য জঙ্গি হামলার আশঙ্কায় সম্প্রতি পুলিশ সদরদপ্তর থেকে সতর্কতা জারি করা হয়েছে। সেই অনুযায়ী বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) বিমানবন্দরগুলোতে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে।
সোমবার আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের বিশেষ নির্দেশনা দেওয়া হয়েছে এবং বিমানবন্দরের বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে নজরদারি জোরদার করা হয়েছে।এ ছাড়া গোয়েন্দা নজরদারি বাড়ানোর পাশাপাশি পোশাকধারী ও সাদা পোশাকে অতিরিক্ত নিরাপত্তা সদস্য মোতায়েন করা হয়েছে। আগমন ও প্রস্থানের প্রতিটি ক্ষেত্রে তল্লাশি জোরদার করা হয়েছে।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

