জাতীয় বিশ্ববিদ্যালয় সম্পর্কে আমিনুল ইসলাম

অনার্স কোর্স হচ্ছে তিন বছর মেয়াদি

অনার্স কোর্স হচ্ছে তিন বছর মেয়াদি

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে চার বছর মেয়াদি অনার্স কোর্সকে তিন বছর করা হচ্ছে। আরেক বছর ডিপ্লোমা ও কারিগরি শিক্ষা দিয়ে আলাদা দু‘টি সার্টিফিকেট দেয়ার উদ্যোগ নেয়া হচ্ছে। একটি হলো অনার্স ও অন্যটি ডিপ্লোমা সার্টিফিকেট।

রোববার আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে আন্তর্জাতিক শিক্ষা দিবস-২০২৫ উপলক্ষ্যে আয়োজিত আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্যে শিক্ষা মন্ত্রণালয়ের বিশেষ সহকারী (প্রতিমন্ত্রীর মর্যাদা) অধ্যাপক এম আমিনুল ইসলাম এসব কথা জানান।

বিজ্ঞাপন

বাংলাদেশ ইউনেস্কো জাতীয় কমিশন ও ইউনেস্কো ঢাকা আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব সিদ্দিক জোবায়ের। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা ডা. বিধান রঞ্জন রায় পোদ্দার, ইউজিসি সদস্য অধ্যাপক সাইদুর রহমান, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব আবু তাহের মো. মাসুদ খান ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগের চেয়ারম্যান অধ্যাপক আব্দুর রাজ্জাক।

অধ্যাপক আমিনুল ইসলাম বলেন, আমাদের দেশের বেশিরভাগ পাবলিক বিশ্ববিদ্যালয়ে এবং কয়েকটি উন্নত বেসরকারি বিশ্ববিদ্যালয়ে ভালো পড়াশুনা হচ্ছে। এইচএসসি পাশ করার পর মেধাবীদের বিশ্ববিদ্যালয়ে পড়তে যাওয়া এবং কারিগরি শিক্ষা গ্রহণ করা উচিত। কারণ কারিগরি শিক্ষা গ্রহণ করলে দেশে ও বিদেশে চাকরির প্রচুর সুযোগ রয়েছে।

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স কোর্সকে দুই ভাগ করার উদ্যোগ প্রসঙ্গে তিনি বলেন, এতে শিক্ষার্থীদের অনার্স পড়ার যে ড্রিম তাও ঠিক থাকল, আর চাকরিও তারা পাবে, অনেক ভালো চাকরি।

শিক্ষা বিশেষ সহকারী বলেন, প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীদের গণিত ও বিজ্ঞানের ওপর জোর দিতে হবে। গণিত ও বিজ্ঞানের বিভিন্ন গবেষণায় শিক্ষার্থীদের উৎসাহিত করতে হবে। তাদেরকে গণিত ও বিজ্ঞান অলিম্পিয়াড প্রতিযোগিতায় অংশগ্রহণে সুযোগ তৈরি করতে হবে।

তিনি বলেন, সমগ্র পৃথিবীজুড়ে এখন কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ে হৈচৈ পড়েছে। কৃত্রিম বুদ্ধিমত্তার উদ্ভাবন ও বহুমাত্রিক প্রয়োগ নিয়ে বিশ্বব্যাপী প্রতিযোগিতা শুরু হয়েছে। কৃত্রিম বুদ্ধিমত্তায় আগামী দিনে বিশ্বকে নেতৃত্ব দেওয়ার জন্য আমাদের বিশ্বিবিদ্যালয়গুলোকে এআই -এর উপযোগী করে গড়ে তুলতে হবে। যেখানে কৃত্রিম বুদ্ধিমত্তার ওপর মৌলিক, তাত্ত্বিক ও ব্যবহারিক গবেষণা করে আমাদের পরবর্তী প্রজন্মকে গড়ে তোলা যায়।িএমএস

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন