ডেঙ্গু নিধনে বাসাবাড়িতে অভিযান চালাবে টাস্কফোর্স

স্টাফ রিপোর্টার

ডেঙ্গু নিধনে বাসাবাড়িতে অভিযান চালাবে  টাস্কফোর্স

বর্ষা মৌসুমে এডিস মশা নিধনের লক্ষ্যে গৃহীত বিভিন্ন কার্যক্রম পরিদর্শন ও পর্যবেক্ষণের জন্য গঠিত জাতীয় টাস্কফোর্স কমিটি ঢাকা শহরের বিভিন্ন বাসাবাড়ি ও স্থাপনায় নিয়মিত অভিযানসহ মনিটরিং কার্যক্রম চালাবে এবং এই কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম।

“সারাদেশে ডেঙ্গুসহ মশাবাহিত অন্যান্য রোগ প্রতিরোধে গঠিত টাস্কফোর্স কমিটি” কর্তৃক বাসাবাড়িতে এডিস মশার লার্ভা অনুসন্ধান ও ধ্বংস করার অভিযান পরিচালনার অংশ হিসেবে আজ গুলশান-২-এর ১০৭ ও ১১২ নম্বর রোডের কয়েকটি স্থাপনায় অভিযান পরিদর্শনকালে প্রতিমন্ত্রী এ কথা জানান।

বিজ্ঞাপন

এ সময় প্রতিমন্ত্রী নগরবাসীকে নিজেদের জীবনের ঝুঁকি না নিয়ে নিরাপত্তার স্বার্থে প্রতিটি বাড়ির বারান্দা, টব, ছাদবাগান ও চারপাশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার আহ্বান জানান।

অভিযান শেষে সাংবাদিকদের ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল ইমরুল কায়েস জানান, বর্ষা মৌসুমে ডেঙ্গু মশা নিধনের লক্ষ্যে উত্তর সিটি কর্পোরেশন কর্তৃক গৃহীত তিন মাসের কর্মসূচির আওতায় প্রতিটি বাসাবাড়িতে নিয়মিত সচেতনতামূলক ও পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম চলমান রয়েছে।

এ সময় তিনি নগরবাসীকে নিজেদের বাসাবাড়ি ও ছাদবাগানসহ বিভিন্ন জায়গায় জমে থাকা পানি পরিষ্কার করার মাধ্যমে ডেঙ্গু মশা নিধনে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনকে সহযোগিতা করার অনুরোধ জানান।

অভিযানকালে উত্তর সিটি কর্পোরেশনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মারুফা আক্তার নেলী ১০৭ নম্বর রোডের ‘চয়েস রেস্টুরেন্ট’-এর মালিককে লার্ভা পাওয়ায় ৫০ হাজার টাকা জরিমানা করেন, অনাদায়ে দুই মাসের কারাদণ্ড দেওয়া হয়।

অভিযান পরিচালনার সময় লার্ভা ধ্বংসের পাশাপাশি স্থানীয় বাসিন্দাদের এডিস মশার বংশবৃদ্ধি রোধে সচেতন করতে মাইকিং করা হয় এবং লিফলেট ও স্টিকার বিতরণ করা হয়।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন