ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দেশজুড়ে বৃষ্টি, চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত

ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দেশজুড়ে বৃষ্টি, চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত
ছবি: সংগৃহীত।

প্রবল ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টির প্রবণতা বেড়েছে। বৃহস্পতিবার ভোর থেকেই রাজধানীর আকাশ মেঘলা ছিল। সকালে শুরু হয় গুঁড়ি গুঁড়ি বৃষ্ট, বিকাল ৩টার দিকে এ প্রতিবেদন লেখা নাগাদ বৃষ্টি হচ্ছিল । সকাল থেকে বিকাল ৩টা পর্যন্ত রাজধানীতে ৭ মিলিমিটার হয়েছে। এতে দিনের শুরু থেকেই আবহাওয়ায় হালকা শীতের আমেজ অনুভূত হচ্ছে।

বিজ্ঞাপন

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আগামী সোমবার পর্যন্ত সারাদেশেই কমবেশি বৃষ্টি হতে পারে। কোথাও কোথাও ভারি থেকে অতি ভারি বর্ষণের আশঙ্কা রয়েছে। সংস্থাটি ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তায়, আগামী ৪৮ ঘণ্টায় রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগে ভারী থেকে অতিভারীর বৃষ্টিপাত হতে পারে বলে জানিয়েছে।

আবহাওয়াবিদ একেএম নাজমুল হক আমার দেশকে বলেন, আগামী রোববার পর্যন্ত বৃষ্টির প্রবণতা থাকবে সারা দেশে এরপর থেকে কমে আসবে। এটা মূলত ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবেই হচ্ছে।

আবহাওয়া অধিদপ্তরের বৃহস্পতিবার সকাল ৯টায় দেওয়া ১২০ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, আজ ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অনেক জায়গায় এবং রংপুর, রাজশাহী, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কোথাও কোথাও মাঝারি থেকে ভারি বর্ষণ হতে পারে। সারা দেশে দিনের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস কমতে পারে। তবে রাতের তাপমাত্রা সামান্য বাড়ার সম্ভাবনা রয়েছে।

রাজধানী ও পার্শ্ববর্তী এলাকার পূর্বাভাসে বলা হয়েছে, আকাশ মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকতে পারে। বৃষ্টি অথবা বজ্রবৃষ্টির সম্ভাবনা রয়েছে। ঢাকায় পূর্ব ও দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে। বৃহস্পতিবার সকাল ৬টায় ঢাকায় বাতাসের আপেক্ষিক আর্দ্রতা ছিল ৮৪ শতাংশ।

আবহাওয়া অধিদপ্তরের বিশেষ বিজ্ঞপ্তি অনুযায়ী, পশ্চিম-মধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগরে অবস্থানরত প্রবল ঘূর্ণিঝড় ‘আকভান’ বৃহস্পতিবার সকাল ৬টায় চট্টগ্রাম সমুদ্রবন্দর থেকে ১ হাজার ১২৫ কিলোমিটার, কক্সবাজার থেকে ১ হাজার ৭৫ কিলোমিটার, মোংলা থেকে ১ হাজার ১০ কিলোমিটার এবং পায়রা সমুদ্রবন্দর থেকে ১ হাজার ৫ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে অবস্থান করছিল। ঘূর্ণিঝড়টি উত্তর-উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হয়ে শুক্রবার দুপুর নাগাদ ভারতের উত্তর অন্ধ্রপ্রদেশ ও দক্ষিণ ওড়িশা উপকূল অতিক্রম করতে পারে।

ঘূর্ণিঝড়টির কেন্দ্রের ৬৪ কিলোমিটারের মধ্যে বাতাসের একটানা সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ৮৯ কিলোমিটার। দমকা বা ঝড়ো হাওয়ার আকারে তা ১১৭ কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে। এর প্রভাবে উত্তর বঙ্গোপসাগরে গভীর সঞ্চালনশীল মেঘমালা সৃষ্টি হচ্ছে। চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত নিরাপদ আশ্রয়ে থাকতে বলা হয়েছে।

পূর্বাভাসে আরো বলা হয়েছে, শুক্রবার ও শনিবার দেশের আট বিভাগের অধিকাংশ জায়গায় বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। কোথাও কোথাও মাঝারি থেকে অতি ভারি বর্ষণের আশঙ্কা রয়েছে। রোববার রংপুর, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগে বৃষ্টির প্রবণতা বেশি থাকতে পারে। সোমবার ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায় বৃষ্টি হতে পারে। এ সময় দেশের অন্যত্র আবহাওয়া প্রধানত শুষ্ক থাকার সম্ভাবনা রয়েছে।

বর্ধিত পূর্বাভাসে বলা হয়েছে, পাঁচ দিনের সময়সীমার পর বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির প্রবণতা কমতে পারে। একই সঙ্গে কমতে পারে রাতের তাপমাত্রা।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
Loading...