পররাষ্ট্র মন্ত্রণালয়ে দফায় দফায় কূটনীতিকদের বৈঠক

পররাষ্ট্র মন্ত্রণালয়ে দফায় দফায় কূটনীতিকদের বৈঠক
ছবি: সংগৃহীত

পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানের সঙ্গে পৃথক বৈঠক করেছেন ঢাকায় নিযুক্ত যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও ভারতের রাষ্ট্রদূত। বৃহস্পতিবার সকালে পররাষ্ট্র মন্ত্রণালয়ে এসব বৈঠক অনুষ্ঠিত হয়। একই দিন সকালে তার সঙ্গে সাক্ষাৎ করেন ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত মাইকেল মিলার এবং চীনা দূতাবাসের চার্জ দ্য অ্যাফেয়ার্স ড. লিউ ইউইন।

বিজ্ঞাপন

বৈঠক শেষে মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি ক্রিস্টেনসেন জানান, যুক্তরাষ্ট্রের থ্যাংকসগিভিং ডে উপলক্ষে শুভেচ্ছা জানাতেই পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেছেন তিনি। এ সময় দুই দেশের বিদ্যমান সুসম্পর্ক নিয়েও কথা হয়েছে। তবে আলোচনার অন্যান্য বিষয় সম্পর্কে তিনি কিছু জানাননি। পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকেও বৈঠকগুলোর বিষয়ে বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়নি।

অন্যদিকে, যুক্তরাজ্যের হাইকমিশনার সারাহ কুক জানান, বাংলাদেশের সঙ্গে দ্বিপক্ষীয় সম্পর্ক আরো এগিয়ে নেওয়া এবং রোহিঙ্গা সংকট নিয়ে পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আলোচনা হয়েছে।

কূটনৈতিক সূত্রের ধারণা, রোহিঙ্গা গণহত্যার অভিযোগে মিয়ানমারের বিরুদ্ধে করা মামলার রায়কে সামনে রেখেই এসব বৈঠক হয়ে থাকতে পারে। বৃহস্পতিবার নেদারল্যান্ডসের হেগে অবস্থিত আন্তর্জাতিক বিচার আদালতে (আইসিজে) মামলাটির রায় ঘোষণার কথা রয়েছে। আদালতের এই রায় চূড়ান্ত এবং এর বিরুদ্ধে আপিলের কোনো সুযোগ নেই।

আইসিজের পূর্বঘোষণা অনুযায়ী, বৃহস্পতিবার স্থানীয় সময় সকাল ১০টায় হেগের পিস প্যালেসে প্রকাশ্য অধিবেশনে রায় ঘোষণা করা হবে। আদালতের প্রেসিডেন্ট বিচারক ইওয়াসাওয়া ইউজি রায়টি পাঠ করবেন। গত ৩ নভেম্বর এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছিল আদালত।

উল্লেখ্য, রোহিঙ্গাদের ওপর গণহত্যা চালানোর অভিযোগে পশ্চিম আফ্রিকার দেশ গাম্বিয়া ২০১৯ সালের ১১ নভেম্বর মিয়ানমারের বিরুদ্ধে আইসিজেতে মামলাটি করে। ‘গাম্বিয়া বনাম মিয়ানমার’ নামে পরিচিত এই মামলায় বিশ্বের ১১টি দেশ পক্ষভুক্ত হয়েছে। জাতিসংঘের সর্বোচ্চ বিচারিক সংস্থা হিসেবে পরিচিত আইসিজেতে মামলাটির রায়কে ঘিরে আন্তর্জাতিক মহলের দৃষ্টি এখন হেগের দিকে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
Loading...