রোহিঙ্গা গণহত্যা মামলা

নৃশংসতার অভিযোগ তদন্তে অসহযোগিতা করেছে মিয়ানমার: আইসিজের বিচারক

নৃশংসতার অভিযোগ তদন্তে অসহযোগিতা করেছে মিয়ানমার: আইসিজের বিচারক
ছবি: সংগৃহীত

রোহিঙ্গা গণহত্যা মামলায় মিয়ানমারের বিরুদ্ধে তদন্ত কাজে অসহযোগিতার অভিযোগ এনেছে আন্তর্জাতিক বিচার আদালত (আইসিজে)। নেদারল্যান্ডসের দ্য হেগে অবস্থিত পিস প্যালেসে বৃহস্পতিবার স্থানীয় সময় সকাল ১০টায় (বাংলাদেশ সময় বিকেল ৩টা) আদালতের ১৫ বিচারকের বেঞ্চের পক্ষে রায় পাঠ শুরু করেন আইসিজে সভাপতি বিচারপতি ইওয়াসাওয়া ইউজি।

বিচারপতি ইউজি বলেন, নৃশংসতার অভিযোগগুলো আন্তরিকভাবে তদন্ত করতে মিয়ানমারের ব্যর্থতা এবং তথ্য সংগ্রহের জন্য প্রয়োজনীয় প্রমাণ ও সাক্ষীদের কাছে পৌঁছানোর সুযোগ দিতে অস্বীকৃতি জানানোর বিষয়টিকে আদালত বিবেচনায় নিয়েছে।

বিজ্ঞাপন

বিচারপতি ইউজি জানান, গণহত্যাসংক্রান্ত আগের মামলাগুলোর মতো এ ক্ষেত্রে আদালতের হাতে তুলনামূলক নজিরভিত্তিক কোনো বিচারিক সিদ্ধান্ত নেই। ফলে তথ্য-উপাত্ত যাচাইয়ের ক্ষেত্রে আদালতকে নিজস্ব মূল্যায়নের ওপর নির্ভর করতে হচ্ছে।

তিনি বলেন, ‘ঘটনার প্রকৃত সত্য নির্ধারণে আদালত কেবল মামলার পক্ষগুলোর উপস্থাপিত প্রমাণের ওপরই নির্ভর করতে পারে।’

বিচারপতি আরো জানান, আদালত সাক্ষীদের জবানবন্দি ও সাক্ষ্য পর্যালোচনা করবে। এ ক্ষেত্রে সাক্ষ্য প্রদানের ধরন এবং যেসব পরিস্থিতিতে সাক্ষীরা বক্তব্য দিয়েছেন, সেগুলোও গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হবে।

সাক্ষ্য দেওয়ার কারণে সংশ্লিষ্ট ব্যক্তিদের প্রতিশোধের শিকার হওয়ার আশঙ্কার বিষয়টিও আদালতের বিবেচনায় রয়েছে বলে জানান তিনি।

মৌখিক শুনানির সময় আদালত এমন চারজন সাক্ষীর বক্তব্য শুনেছে, যারা ২০১৭ সালের আগস্ট মাসের শেষ সপ্তাহে সহিংসতার শিকার হয়েছিলেন।

বিচারপতি ইউজি বলেন, ‘যেসব নির্দিষ্ট ঘটনার বিষয়ে গাম্বিয়ার সাক্ষীরা সাক্ষ্য দিয়েছেন, সেসব বিষয়ে তাদের বর্ণনাকে আদালত বিশ্বাসযোগ্য বলে মনে করেছে।’

তিনি আরো বলেন, ‘সাক্ষীদের গুরুত্বপূর্ণ অনেক বক্তব্য জেরার সময় চ্যালেঞ্জ করা হয়নি।’

সূত্র: বিবিসি

আরএ

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
Loading...