মিয়ানমারের বিরুদ্ধে রোহিঙ্গা গণহত্যার অভিযোগে করা মামলায় রায় পড়া শুরু করেছে আন্তর্জাতিক বিচার আদালত (আইসিজে)। নেদারল্যান্ডসের দ্য হেগে অবস্থিত পিস প্যালেসে বৃহস্পতিবার স্থানীয় সময় সকাল ১০টায় (বাংলাদেশ সময় বিকেল ৩টা) আদালতের ১৫ বিচারকের বেঞ্চের পক্ষে রায় পাঠ শুরু করেন আইসিজে সভাপতি বিচারপতি ইওয়াসাওয়া ইউজি। রায় পাঠে দেড় ঘণ্টা পর্যন্ত সময় লাগতে পারে।
প্রায় সাত বছর আগে পশ্চিম আফ্রিকার দেশ গাম্বিয়া মিয়ানমারের বিরুদ্ধে এ মামলা করেছিল। ২০১৭ সালে রাখাইন রাজ্যে দেশটির সামরিক বাহিনীর অভিযানে রোহিঙ্গাদের ওপর গণহত্যা সংঘটিত হয়েছে কি না এবং এ ঘটনায় মিয়ানমার রাষ্ট্র হিসেবে দায়ী কি না, আদালত তা নির্ধারণ করবে।
এ মামলার রায়কে ঘিরে বাংলাদেশের কক্সবাজারের শরণার্থীশিবিরগুলোতেও ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে। ২০১৭ সালের সামরিক অভিযানের পর প্রাণ বাঁচাতে পালিয়ে আসা ৭ লাখ ৩০ হাজারের বেশি রোহিঙ্গাসহ বর্তমানে প্রায় ১২ লাখ রোহিঙ্গা বাংলাদেশে আশ্রয় নিয়ে আছেন।
গাম্বিয়ার অভিযোগ, মিয়ানমারের অস্বীকার
২০১৯ সালের ১১ নভেম্বর ইসলামি সহযোগিতা সংস্থার (ওআইসি) সমর্থনে মিয়ানমারের বিরুদ্ধে আইসিজেতে মামলা করে গাম্বিয়া। দেশটির অভিযোগ, ২০১৭ সালে রাখাইনে রোহিঙ্গাদের বিরুদ্ধে সামরিক অভিযানে হত্যা, ধর্ষণ, নির্যাতন ও গ্রাম পুড়িয়ে দেওয়ার মতো ঘটনা ঘটানো হয়। এসব কর্মকাণ্ডের উদ্দেশ্য ছিল রোহিঙ্গা জনগোষ্ঠীকে সম্পূর্ণ বা আংশিকভাবে ধ্বংস করা।
রোহিঙ্গা বেঁচে যাওয়া ব্যক্তিরা গণহত্যা, ব্যাপক যৌন সহিংসতা ও বসতবাড়ি ধ্বংসের বিবরণ দিয়েছেন। জাতিসংঘের একটি অনুসন্ধানী দলও ওই অভিযানে ‘গণহত্যামূলক কর্মকাণ্ডের’ প্রমাণ পাওয়ার কথা জানিয়েছিল।
তবে মিয়ানমার গণহত্যার অভিযোগ অস্বীকার করে আসছে। দেশটির দাবি, সশস্ত্র গোষ্ঠীর হামলার জবাবে সন্ত্রাসবিরোধী অভিযান চালানো হয়েছিল। রোহিঙ্গাদের ধ্বংস করার কোনো উদ্দেশ্য ছিল না বলেও দাবি করেছে মিয়ানমার।
কী নির্ধারণ করবেন বিচারকেরা
১৯৪৮ সালের গণহত্যা সনদ অনুযায়ী, কোনো জাতি, নৃগোষ্ঠী, বর্ণ বা ধর্মীয় গোষ্ঠীকে সম্পূর্ণ বা আংশিকভাবে ধ্বংস করার সুনির্দিষ্ট অভিপ্রায় প্রমাণিত হলেই কোনো কর্মকাণ্ডকে গণহত্যা হিসেবে বিবেচনা করা যায়। তাই শুধু হত্যাকাণ্ড বা নির্যাতনের ঘটনা নয়, এসব কর্মকাণ্ডের পেছনে জনগোষ্ঠীটিকে ধ্বংস করার উদ্দেশ্য ছিল কি না, সেটিও বিচারকদের বিবেচনায় নিতে হবে।
আদালত নির্ধারণ করবেন, মিয়ানমারের সামরিক বাহিনী বা রাষ্ট্রের অন্য কোনো সংস্থা গণহত্যা সনদের বাধ্যবাধকতা লঙ্ঘন করেছে কি না। গাম্বিয়া ক্ষতিগ্রস্ত রোহিঙ্গাদের জন্য ক্ষতিপূরণ, অপরাধের পুনরাবৃত্তি ঠেকানোর নিশ্চয়তা এবং শরণার্থীদের নিরাপদে নিজ দেশে ফেরার পরিবেশ নিশ্চিত করার নির্দেশ চেয়েছে।
বাংলাদেশের প্রত্যাশা
রায়কে ঘিরে বাংলাদেশের প্রত্যাশা, এটি রোহিঙ্গাদের ন্যায়বিচার নিশ্চিত করার পাশাপাশি মিয়ানমারে নিরাপদ ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনের পথ তৈরিতে আন্তর্জাতিক চাপ বাড়াবে।
বৃহস্পতিবার ঢাকায় ব্র্যাক আয়োজিত এক নীতিসংলাপে প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনাবিষয়ক উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর বলেন, শুধু ন্যায়বিচার প্রতিষ্ঠা করলেই হবে না; রোহিঙ্গারা যাতে নিরাপত্তা ও মর্যাদার সঙ্গে নিজ দেশে জীবন গড়ে তুলতে পারেন, সে পরিবেশ তৈরিতে আন্তর্জাতিক সম্প্রদায়কে ভূমিকা রাখতে হবে। তিনি বলেন, সংকটের সমাধান মিয়ানমারেই নিহিত।
রায় ঘোষণার আগে বাংলাদেশের আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান তার প্রত্যাশা জানতে চাইলে এক কথায় বলেন, ‘ন্যায়বিচার’।
রায় কার্যকর হবে কীভাবে
আইসিজের রায় চূড়ান্ত এবং এর বিরুদ্ধে আপিলের সুযোগ নেই। তবে আদালতের নিজস্ব সিদ্ধান্ত বাস্তবায়নের ক্ষমতা সীমিত। মিয়ানমার রায় না মানলে গাম্বিয়া জাতিসংঘ নিরাপত্তা পরিষদের কাছে বিষয়টি তুলতে পারে।
এ মামলায় আইসিজে রাষ্ট্রের দায় নির্ধারণ করবে; ব্যক্তিবিশেষের ফৌজদারি অপরাধের বিচার করবে না। ব্যক্তির বিরুদ্ধে গণহত্যা, যুদ্ধাপরাধ বা মানবতাবিরোধী অপরাধের বিচার করার দায়িত্ব আন্তর্জাতিক অপরাধ আদালতের (আইসিসি)।
রোহিঙ্গাদের জন্য এ রায় গুরুত্বপূর্ণ হলেও এর মাধ্যমে স্বয়ংক্রিয়ভাবে প্রত্যাবাসন শুরু হবে না বা ক্ষতিপূরণ নিশ্চিত হবে না। নিরাপদে ফেরার পরিবেশ তৈরি এবং রায় বাস্তবায়নে মিয়ানমার ও আন্তর্জাতিক সম্প্রদায়ের ভূমিকা গুরুত্বপূর্ণ হবে।
সূত্র: আইসিজে, রয়টার্স ও আলজাজিরা
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন


