যুক্তরাষ্ট্রে বসবাসরত কয়েক লাখ ভেনেজুয়েলার অভিবাসীর আইনি সুরক্ষা বাতিল করতে আবারও সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন। এ নিয়ে তৃতীয়বারের মতো দেশটির সর্বোচ্চ আদালতের হস্তক্ষেপ চাইল প্রশাসন। সাবেক প্রেসিডেন্ট জো বাইডেনের আমলে দেওয়া অস্থায়ী সুরক্ষিত মর্যাদা (টিপিএস) বাতিলের সিদ্ধান্তকে অবৈধ ঘোষণা করে নিম্ন আদালত যে রায় দিয়েছিলেন, তা স্থগিতের আবেদন জানিয়েছে বিচার বিভাগ।
বুধবার জরুরি ভিত্তিতে করা এ আবেদনে প্রশাসন বলেছে, সুরক্ষা পুনর্বহাল করা হলে অভিবাসন নীতির বাস্তবায়নে বড় ধরনের বাধা তৈরি হবে।
সান ফ্রান্সিসকোভিত্তিক যুক্তরাষ্ট্রের জেলা আদালতের বিচারক এডওয়ার্ড চেন সম্প্রতি রায় দেন, ভেনেজুয়েলার অভিবাসীদের দেওয়া টিপিএস বাতিল করার এখতিয়ার প্রশাসনের নেই। শুক্রবার থেকে ওই রায় কার্যকর হওয়ার কথা। এর আগে কোনো ফেডারেল আপিল আদালত বা সুপ্রিম কোর্ট রায়টি স্থগিত না করলে প্রশাসনকে তা মেনে চলতে হবে। ২০২৫ সালের অক্টোবরে সুপ্রিম কোর্ট একবার চেনের ওই রায় স্থগিত করেছিলেন।
ট্রাম্প প্রশাসনের যুক্তি, ভেনেজুয়েলার নাগরিকদের টিপিএস পুনর্বহাল করা হলে ৩৩২টি পর্যন্ত বহিষ্কারের আদেশ কার্যকর করা সম্ভব হবে না। একই সঙ্গে তাদের কাজের অনুমতিও দিতে হবে। প্রশাসনের দাবি, এই সুরক্ষা পুনর্বহাল হলে ‘মারাত্মক ও তাৎক্ষণিক ক্ষতি’ হবে।
ফেডারেল সরকারের আইনজীবীরা আদালতে লিখিত আবেদনে আরো বলেছেন, শুক্রবারের আগে সুপ্রিম কোর্ট আবার হস্তক্ষেপ না করলে প্রশাসনকে আটক থাকা প্রায় ১ হাজার ৮০০ ভেনেজুয়েলার নাগরিককে মুক্তি দিতে হতে পারে।
অন্যদিকে, প্রশাসনের সিদ্ধান্তের বিরুদ্ধে মামলা করা অভিবাসী ও অধিকারকর্মীদের একটি সংগঠন আদালতকে জানিয়েছে, আগেরবার সুপ্রিম কোর্ট হস্তক্ষেপ করার পর থেকে টিপিএস পাওয়া ভেনেজুয়েলার অনেক নাগরিককে আটক করা হয়েছে। তাদের মধ্যে অনেকে যুক্তরাষ্ট্রের নাগরিক সন্তানদের কাছ থেকে বিচ্ছিন্ন হয়েছেন। কাউকে ভেনেজুয়েলায় ফেরত পাঠানো হয়েছে। আবার কাউকে এমন তৃতীয় কোনো দেশে পাঠানো হয়েছে, যেখানে তাদের কোনো সম্পর্ক বা পরিচিতি নেই।
এর আগে গত জুনে সুপ্রিম কোর্ট হাইতি ও সিরিয়ার কয়েক লাখ নাগরিকের টিপিএস বাতিলের বিষয়ে ট্রাম্প প্রশাসনের পৃথক পদক্ষেপের পক্ষে রায় দিয়েছিলেন। এতে অভিবাসন বিষয়ে রিপাবলিকান প্রেসিডেন্টের কঠোর নীতি আরো শক্তিশালী হয়।
টিপিএস বাতিলে কঠোর ট্রাম্প প্রশাসন
টেম্পোরারি প্রোটেক্টেড স্ট্যাটাস বা টিপিএস এমন একটি আইনি মর্যাদা, যার আওতায় যুদ্ধ, প্রাকৃতিক দুর্যোগ কিংবা অন্য কোনো বিপর্যয়ে আক্রান্ত দেশের নাগরিকেরা নিজ দেশে ফিরে যাওয়া নিরাপদ না হওয়া পর্যন্ত যুক্তরাষ্ট্রে বসবাস ও কাজ করার সুযোগ পান।
টিপিএস পাওয়া কোনো ব্যক্তিকে যুক্তরাষ্ট্র থেকে বহিষ্কার করা যায় না। তারা কাজের অনুমতিপত্র পেতে পারেন। পাশাপাশি ভ্রমণের অনুমতিও দেওয়া হতে পারে। অভিবাসনসংক্রান্ত অবস্থানের কারণে টিপিএসধারীদের আটক করার সুযোগও নেই।
তবে ট্রাম্প প্রশাসন দায়িত্ব নেওয়ার পর থেকে অভিবাসীদের এই সুরক্ষা বাতিলে একের পর এক পদক্ষেপ নিয়েছে। ভেনেজুয়েলা, হাইতি, হন্ডুরাস, নিকারাগুয়া, আফগানিস্তান ও সিরিয়াসহ ১৩টি দেশের ১০ লাখের বেশি মানুষের টিপিএস বাতিল করেছে প্রশাসন।
তবে কয়েকটি ক্ষেত্রে নীতিতে পরিবর্তনও এনেছে তারা। আগামী ৯ সেপ্টেম্বরের মধ্যে যাদের টিপিএসের মেয়াদ শেষ হওয়ার কথা ছিল, সেই প্রায় ২ লাখ সালভাদরের নাগরিকের সুরক্ষা বহাল রাখা হয়েছে। একইভাবে অক্টোবরে মেয়াদ শেষ হওয়ার কথা থাকা ইউক্রেন ও সুদানের ১ লাখের বেশি নাগরিকের সুরক্ষাও বহাল রেখেছে প্রশাসন।
সংকটে ভেনেজুয়েলা, দেশ ছাড়ছেন লাখো মানুষ
রাজনৈতিক দমন-পীড়ন এবং ভয়াবহ অর্থনৈতিক সংকটের কারণে সাম্প্রতিক বছরগুলোতে লাখ লাখ মানুষ ভেনেজুয়েলা ছেড়ে পালিয়েছেন। দেশটির প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর সরকারের ওপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞাও এই অর্থনৈতিক সংকটের পেছনে আংশিক ভূমিকা রেখেছে।
ক্ষমতা ছাড়ার আগে বাইডেন প্রশাসন প্রায় ৬ লাখ ভেনেজুয়েলার নাগরিকের টিপিএসের মেয়াদ বাড়িয়েছিল। এই সুরক্ষার মেয়াদ ২০২৬ সালের অক্টোবর পর্যন্ত নির্ধারণ করা হয়েছিল।
এদিকে ভেনেজুয়েলায় ভ্রমণের বিষয়ে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর এখনো সতর্কতা জারি রেখেছে। দেশটিতে অপরাধ, অপহরণের ঝুঁকি এবং দুর্বল স্বাস্থ্য অবকাঠামোর কথা উল্লেখ করে মার্কিন নাগরিকদের ভ্রমণের পরিকল্পনা পুনর্বিবেচনার পরামর্শ দিয়েছে দপ্তরটি।
এএম
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন



