মিয়ানমারের বিরুদ্ধে রোহিঙ্গা গণহত্যার অভিযোগে আন্তর্জাতিক বিচার আদালতের (আইসিজে) রায় ঘিরে কক্সবাজারের শরণার্থী শিবিরগুলোতে অপেক্ষার প্রহর গুনছেন রোহিঙ্গারা। বৃহস্পতিবার রায়ের আগে কক্সবাজারের একটি শরণার্থীশিবিরে প্ল্যাকার্ড হাতে জড়ো হন তারা।
নেদারল্যান্ডসের দ্য হেগে অবস্থিত জাতিসংঘের সর্বোচ্চ আদালত আইসিজে বৃহস্পতিবার মিয়ানমারের বিরুদ্ধে গাম্বিয়ার করা মামলার রায় দিতে যাচ্ছে। ২০১৭ সালে রাখাইন রাজ্যে মিয়ানমারের সামরিক অভিযানে রোহিঙ্গাদের ওপর গণহত্যা সংঘটিত হয়েছিল কি না, সেটিই এ মামলার মূল প্রশ্ন।
২০১৯ সালে গাম্বিয়া আইসিজেতে মামলাটি করে। দেশটির অভিযোগ, ২০১৭ সালের সামরিক অভিযানের মাধ্যমে মিয়ানমার রোহিঙ্গা জনগোষ্ঠীকে সম্পূর্ণ বা আংশিকভাবে নিশ্চিহ্ন করার চেষ্টা করেছে। ওই অভিযানের পর সাত লাখ ৩০ হাজারের বেশি রোহিঙ্গা বাংলাদেশে পালিয়ে আসেন। তাঁদের মধ্যে অনেকে হত্যাকাণ্ড, ধর্ষণ, নির্যাতন ও গ্রাম পুড়িয়ে দেওয়ার ঘটনার বর্ণনা দিয়েছেন।
মিয়ানমার অবশ্য গণহত্যার অভিযোগ অস্বীকার করে আসছে। দেশটির দাবি, ওই অভিযান ছিল সশস্ত্র গোষ্ঠীর হামলার জবাবে পরিচালিত সন্ত্রাসবিরোধী অভিযান।
বর্তমানে কক্সবাজারের বিভিন্ন শরণার্থীশিবিরে প্রায় ১২ লাখ রোহিঙ্গা বসবাস করছেন। তাদের কাছে আইসিজের রায় কেবল একটি আইনি সিদ্ধান্ত নয়; বরং দীর্ঘদিনের নিপীড়ন ও বাস্তুচ্যুতির আন্তর্জাতিক স্বীকৃতি এবং ন্যায়বিচারের প্রত্যাশার সঙ্গে জড়িত।
গাম্বিয়া আদালতের কাছে মিয়ানমারের বিরুদ্ধে গণহত্যা সনদ লঙ্ঘনের দায় নির্ধারণের পাশাপাশি ক্ষতিপূরণ এবং রোহিঙ্গাদের নিরাপদে নিজ দেশে ফেরার পরিবেশ নিশ্চিত করার নির্দেশনা চেয়েছে।
আইসিজের রায় চূড়ান্ত ও আপিলের সুযোগ নেই। তবে আদালতের নিজস্ব সিদ্ধান্ত বাস্তবায়নের সরাসরি ব্যবস্থা সীমিত। মিয়ানমার রায় না মানলে বিষয়টি জাতিসংঘ নিরাপত্তা পরিষদে তোলার সুযোগ রয়েছে।
সূত্র: রয়টার্স, আলজাজিরা ও অ্যাসোসিয়েটেড প্রেস
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন


