পুলিশের টহল গাড়ি চুরির ঘটনায় গ্রেপ্তার ১

পুলিশের টহল গাড়ি চুরির ঘটনায় গ্রেপ্তার ১
ছবি: আমার দেশ

চট্টগ্রাম নগরীর হালিশহর থানা এলাকা থেকে পুলিশের সরকারি টহল গাড়ি চুরির ঘটনায় রুবেল (৪০) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বিজ্ঞাপন

বুধবার বিকেলে চুরির কয়েক ঘণ্টার মধ্যে সন্ধ্যা সোয়া ৬টার দিকে কর্ণফুলী এলাকা থেকে গাড়িটি অক্ষত অবস্থায় উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, বুধবার দুপুর আড়াইটার দিকে হালিশহর থানার মোবাইল-৪২-এর দায়িত্বে থাকা পুলিশ সদস্যরা ছোটপুল এলাকায় পুলিশ লাইন্সের পাশে পুনাক রেস্টুরেন্টের সামনে টহল গাড়িটি রেখে খাবার খেতে যান। পরে ফিরে এসে গাড়িটি না পেয়ে আশপাশে খোঁজাখুঁজি করেন। সিসিটিভি ফুটেজে দেখা যায়, বেলা ২টা ৪৩ মিনিটের দিকে অজ্ঞাতপরিচয় এক ব্যক্তি গাড়িটি নিয়ে চলে যাচ্ছে।

উদ্ধার হওয়া গাড়িটি নীল রঙের টাটা ব্র্যান্ডের সিঙ্গেল কেবিন পিকআপ, যার নম্বর সিএমপি-১৮০। এ ঘটনায় জড়িত সন্দেহে রুবেলকে নগরের দেওয়ানহাট মোড় এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। তিনি কুমিল্লার চান্দিনা উপজেলার মোহনপুর ইউনিয়নের শামছুল আলমের ছেলে। নগরের ডবলমুরিং থানার ধনিয়ালাপাড়া এলাকায় ভাড়া বাসায় থাকতেন তিনি।

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের সহকারী কমিশনার (জনসংযোগ) আমিনুর রশিদ জানান, নাশকতার উদ্দেশ্যে গাড়িটি চুরি করা হয়েছিল বলে প্রাথমিকভাবে জানা গেছে। গাড়ি উদ্ধারে পুলিশ কন্ট্রোল রুমের সমন্বয়ে বিভিন্ন স্থানে চেকপোস্ট জোরদার করা হয়। গ্রেপ্তার ব্যক্তিকে জিজ্ঞাসাবাদে পাওয়া তথ্যের ভিত্তিতে ঘটনায় জড়িত অন্যদের শনাক্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

এমএইচ

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন