দেশ ও জাতীয় স্বার্থে নিজেদের মধ্যে কাদা ছোড়াছুঁড়ি, মারামারি, কাটাকাটি বন্ধ করে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার-উজ- জামানের দেওয়া বক্তব্যের বিষয়ে শ্রম ও কর্মসংস্থান এবং নৌ-পরিবহন উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেন বলেছেন, সেনাপ্রধান কোনো কথা না বুঝে বলেননি। তিনি অনেক উঁচু স্তরের লোক। একটি বাহিনী পরিচালনা করছেন। আমি যতটা ওনাকে চিনি ভেরি স্ট্রেট ফরওয়ার্ড ম্যান। যা বলার মানুষের মুখের ওপর বলার মতো লোক তিনি।
বৃহস্পতিবার সচিবালয়ে নিজ দপ্তরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ মন্তব্য করেন নৌ-পরিবহন উপদেষ্টা।
এরআগে গত মঙ্গলবার জাতীয় সেনা দিবস উপলক্ষ্যে ঢাকায় আয়োজিত এক আলোচনা সভায় সেনাপ্রধান বলেছেন, ‘নিজেরা হানাহানিতে পরস্পরের বিরুদ্ধে বিষোদগারে ব্যস্ত থাকার সুযোগ নিচ্ছে অপরাধীরা। নিজেদের মধ্যে কাদা ছোড়াছঁড়ি, মারামারি, কাটাকাটি করলে দেশ ও জাতির স্বাধীনতা এবং সার্বভৌমত্ব বিপন্ন হবে। আমি আপনাদের সতর্ক দিচ্ছি, পরে বলবেন যে-আমি সতর্ক করিনি।
সেনাপ্রধানের এ বক্তব্যের প্রতি দৃষ্টি আকর্ষণ করলে এম সাখাওয়াত হোসেন বলেন, উনি (সেনাপ্রধান) যা বলেছেন বুঝেই বলেছেন। না বুঝে তিনি কিছু বলেননি। এখন আপনারা তাঁর বক্তব্যের ইন্টারপ্রিটেশন (ব্যাখ্যা) কীভাবে করবেন, সেটা একান্তই আপনাদের বিষয়।
দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে অপর এক সাংবাদিকের প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন, ’আমার বন্ধু স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বে আছেন। তিনি বেশ সচেতনভাবেই আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নের ভূমিকা রেখে চলেছেন। আগের তুলনায় পরিস্থিতি ধীরে ধীরে উন্নতির দিকে যাচ্ছে। তিনি রাতদিন কাজ করছেন। দেশবাসীরও উপচিত তাকে সর্বোতভাবে সহযোগিতা করা। পরিস্থিতি এখন ভালো বলেও জানান তিনি।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

