ভারতে পলাতক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিষয়ে কোনো সংবাদ, বক্তব্য বা প্রচারণা থেকে বিরত থাকতে গণমাধ্যমকে আবারও সতর্ক করেছে সরকার।
সরকার বলেছে, তার বিষয়ে প্রচারণামূলক সংবাদ প্রকাশে আদালতের নিষেধাজ্ঞা রয়েছে। তা অমান্য করে কেউ কিছু করলে উপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে।
মঙ্গলবার সচিবালয়ের তথ্য অধিদপ্তরের সম্মেলনকক্ষে সরকারের উন্নয়ন কার্যক্রম ও পরিকল্পনা নিয়ে আয়োজিত নিয়মিত ব্রিফিংয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান এসব কথা বলেন।
বিভিন্ন মাধ্যমে খবর বেরিয়েছে, ৫ আগস্ট সরকারের পতন ও পলায়নের তারিখে শেখ হাসিনা ভাষণ দেবেন—এ বিষয়ে তথ্য উপদেষ্টার দৃষ্টি আকর্ষণ করা হলে তিনি বলেন, ‘তার বক্তব্য প্রচার করা নিয়ে এর আগেও আমরা একটি ব্রিফিং করে পত্রিকাগুলোকে নির্দেশনা দিয়েছি। তিনি আবার বক্তৃতা করবেন—এ ধরনের নিউজ যদি কেউ দিয়ে থাকে বা প্রকাশ করে, তাহলে এটি অবশ্যই আদালতের রায় ভঙ্গ করা হবে। আমরা এ ব্যাপারে ব্যবস্থা নেব। আমরা আগেরবার একটি সতর্কতা দিয়েছিলাম।’
ডা. জাহেদ বলেন, ‘এমন কাজ কেউ যেন না করেন, এ থেকে বিরত থাকবেন। কারণ এতে আদালতের নির্দেশ রয়েছে। আমাদের সরকার কিন্তু আদালত নয়। আদালতের নির্দেশ বাস্তবায়ন করা সরকারের দায়িত্ব।’
তিনি বলেন, ‘আদালতের এ নির্দেশনায় কেউ যদি সংক্ষুব্ধ হন, যদি কেউ মনে করেন শেখ হাসিনার বক্তব্য প্রচারে বাধা দেওয়া ভুল হচ্ছে বা তার বক্তব্য প্রচারিত হতে দেওয়া উচিত, তাহলে তিনি আদালতের ওই রায়কে চ্যালেঞ্জ করতে পারেন। তা না হলে এ রায় বা নির্দেশনা মেনে চলা প্রতিটি প্রতিষ্ঠান ও ব্যক্তির কর্তব্য।’
তথ্য উপদেষ্টা বলেন, ‘সরকারের কাজ হচ্ছে আদালতের যে সিদ্ধান্ত রয়েছে, সেটি কার্যকর হচ্ছে কি না তা নিশ্চিত করা। সরকার তো নির্বাহী সংস্থা, এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।’
এসআর
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন


