সরাসরি বা ভিডিও ভাষণ নয়, হাসিনা এবারও কথা বলবেন অডিও লিংকে

সরাসরি বা ভিডিও ভাষণ নয়, হাসিনা এবারও কথা বলবেন অডিও লিংকে
ফাইল ছবি

ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী ৫ আগস্ট নয়াদিল্লি থেকে ভার্চুয়ালি আন্তর্জাতিক গণমাধ্যমের মুখোমুখি হতে যাচ্ছেন। ছাত্র-জনতার অভ্যুত্থানের মুখে ক্ষমতাচ্যুত হয়ে ঢাকা ছাড়ার দুই বছর পূর্তি উপলক্ষে এই আয়োজন করা হয়েছে।

দক্ষিণ এশিয়ার ফরেন করেসপন্ডেন্টস ক্লাব (এফসিসি) এ অনুষ্ঠানের আয়োজন করছে। আয়োজকদের বরাত দিয়ে সিএনএন-নিউজ১৮ জানিয়েছে, ভারতের একটি অজ্ঞাত স্থান থেকে শুধুমাত্র অডিও সংযোগের মাধ্যমে অনুষ্ঠানে যুক্ত হবেন শেখ হাসিনা। ২০২৪ সালের আগস্টে বাংলাদেশ ছাড়ার পর থেকে তিনি ভারতে অবস্থান করছেন।

বিজ্ঞাপন

আয়োজকদের তথ্য অনুযায়ী, বক্তব্যে শেখ হাসিনা তার রাজনৈতিক ভবিষ্যৎ, বাংলাদেশে ফেরার পরিকল্পনা এবং দেশের বর্তমান পরিস্থিতি নিয়ে কথা বলতে পারেন। অনুষ্ঠানের একপর্যায়ে সাংবাদিকদের প্রশ্নেরও উত্তর দেওয়ার সম্ভাবনা রয়েছে।

ক্ষমতা ছাড়ার পর প্রথম সরাসরি গণমাধ্যমে অংশগ্রহণ

ক্ষমতা হারানোর পর এই প্রথমবারের মতো শেখ হাসিনা সরাসরি সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করবেন বলে ধারণা করা হচ্ছে। এর আগে তিনি কেবল লিখিত বিবৃতি বা রেকর্ড করা বার্তার মাধ্যমে বক্তব্য দিয়েছেন।

আয়োজকরা জানিয়েছেন, নিরাপত্তা ও কারিগরি বিষয় বিবেচনায় ভিডিও নয়, কেবল অডিও সংযোগের মাধ্যমেই তিনি অনুষ্ঠানে অংশ নেবেন।

প্রতিবেদনে বলা হয়েছে, শেখ হাসিনা চলতি বছরের শেষ দিকে বাংলাদেশে ফেরার ইচ্ছা এবং তার বিরুদ্ধে চলমান আইনি প্রক্রিয়া নিয়েও বক্তব্য দিতে পারেন।

এ ছাড়া আওয়ামী লীগের জ্যেষ্ঠ নেতা, তার ছেলে সজীব ওয়াজেদ জয় এবং সাবেক শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল অনুষ্ঠানে সরাসরি বা ভার্চুয়ালি অংশ নিতে পারেন।

উল্লেখ্য, ২০২৪ সালের ছাত্র আন্দোলন দমনে সরকারের ভূমিকা নিয়ে বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শেখ হাসিনার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়েছে। অনুপস্থিতিতে তাকে মৃত্যুদণ্ডও দেওয়া হয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। তবে শেখ হাসিনা এসব অভিযোগ অস্বীকার করে আসছেন এবং দেশে ফিরে আইনি লড়াই করার ইচ্ছার কথা জানিয়েছেন।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন