কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগকে একটি ‘চিহ্নিত সন্ত্রাসী গোষ্ঠী’ হিসেবে অভিহিত করে প্রধানমন্ত্রী ও সংসদ নেতা তারেক রহমান বলেছেন, বেপরোয়া সন্ত্রাস চালিয়ে তারা নিজেরাই প্রমাণ করেছে যে এরা কোনো রাজনৈতিক দল নয়, বরং এদের পরিচয় সন্ত্রাসী গোষ্ঠী। বুধবার ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনের সমাপনী দিনে দেওয়া বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সংসদে বক্তব্য রাখার সময় প্রধানমন্ত্রী বলেন, বর্তমান সরকার ও সংসদ যখন দেশকে স্বনির্ভর ও পুনর্গঠনের পথে এগিয়ে নিয়ে যাচ্ছে, ঠিক সেই সময় পতিত, পরাজিত ও বিতাড়িত ফ্যাসিবাদী অপশক্তি বাংলাদেশকে আবারও তাবেদার রাষ্ট্রে পরিণত করার চক্রান্তে লিপ্ত হয়েছে। দেশে এবং বিদেশে চিহ্নিত এই সন্ত্রাসী গোষ্ঠী দেশ ও জনগণের বিরুদ্ধে আবারও সন্ত্রাস শুরু করেছে বলে তিনি উল্লেখ করেন।
সাম্প্রতিক বিভিন্ন ঘটনার সমালোচনা করে সংসদ নেতা বলেন, পলাতক নেত্রীর নির্দেশে তারা গণতন্ত্রকামী জনগণের ঘরবাড়িতে আগুন জ্বালিয়ে দেওয়া এবং হত্যার তালিকা তৈরির মতো বেপরোয়া সন্ত্রাসী কর্মকাণ্ড চালাচ্ছে। এছাড়া বিদেশে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ও এনসিপির সভাপতি নাহিদ ইসলামকে লাঞ্ছিত করার অপচেষ্টা, আমেরিকায় এনসিপির নেতাকর্মীদের সঙ্গে অসদাচরণ এবং ইতালিতে একজন বাংলাদেশি নারী শিল্পীর ওপর হামলার মাধ্যমে তারা নিজেদের সন্ত্রাসী চরিত্রেরই বহিঃপ্রকাশ ঘটিয়েছে।
ফ্যাসিবাদী অপশক্তির পুনরুত্থান ঠেকাতে দল-মত নির্বিশেষে গণতন্ত্রের পক্ষের সকল রাজনৈতিক শক্তিকে চব্বিশের মতো একমঞ্চে দাঁড়ানোর আহ্বান জানান প্রধানমন্ত্রী তারেক রহমান। সংসদে প্রতিনিধিত্বকারী এবং সংসদের বাইরের সকল গণতান্ত্রিক দলের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, আসুন ঐক্যবদ্ধভাবে ৭ই নভেম্বর এবং ৫ই আগস্টের চেতনায় পতিত, পরাজিত ও তাবেদার অপশক্তির বিরুদ্ধে আমরা সকলে এক মঞ্চে দাঁড়াই।
তিন দশক আগে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার দেওয়া স্লোগান স্মরণ করে প্রধানমন্ত্রী বলেন, আবারও আজ সেই আওয়াজ তুলে বলি—ওদের হাতে গোলামীর জিঞ্জির, আমাদের হাতে স্বাধীনতার পতাকা।
বাংলাদেশকে আর কখনোই কোনো তাবেদারের হাতে সঁপে দেওয়া হবে না উল্লেখ করে সংসদ নেতা দৃঢ়তার সঙ্গে বলেন, যাদের হাতে গোলামীর জিঞ্জির, সেই তাবেদারি শক্তিকে বাংলাদেশের গণতন্ত্রকামী জনগণ আর মাথা তুলে দাঁড়াতে দেবে না; মাথা তুলে দাঁড়ানোর আগেই তাদের বিষদাঁত ভেঙে দেওয়া হবে। চব্বিশের চেতনায় ঐক্যবদ্ধ হয়ে পতিত স্বৈরাচারের যেকোনো অপতৎপরতা রুখে দেওয়ার শপথ নিয়ে তিনি অধিবেশনের সমাপনী বক্তব্য শেষ করেন।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন




