শক্তিশালী হচ্ছে ঘূর্ণিঝড় ‘আকভান’, কাল থেকে ঝরবে বৃষ্টি

শক্তিশালী হচ্ছে ঘূর্ণিঝড় ‘আকভান’, কাল থেকে ঝরবে বৃষ্টি
প্রতীকী ছবি

দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগরে অবস্থানরত ঘূর্ণিঝড় ‘আকভান’ আরও উত্তর দিকে অগ্রসর হয়ে শক্তিশালী হচ্ছে। এটি আগামী শুক্রবার দুপুর নাগাদ অতি প্রবল ঘূর্ণিঝড় আকারে ভারতের অন্ধ্রপ্রদেশ উপকূল অতিক্রম করতে পারে। ঘূর্ণিঝড়ের প্রভাবে বৃহস্পতিবার থেকে দেশের উপকূলীয় এলাকাসহ বিভিন্ন অঞ্চলে চারদিন বৃষ্টি ও ভারী বর্ষণের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

বুধবার আবহাওয়াবিদ ড. ওমর ফারুক স্বাক্ষরিত আবহাওয়ার বিশেষ বিজ্ঞপ্তিতে বলা হয়, দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন পশ্চিমমধ্য বঙ্গোপসাগর এলাকায় অবস্থানরত প্রবল ঘূর্ণিঝড় ‘আকভান’ উত্তর দিকে অগ্রসর হয়ে বর্তমানে পশ্চিমমধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগর এলাকায় অবস্থান করছিল। এটি দুপুর ১২টায় চট্টগ্রাম সমুদ্রবন্দর থেকে ১,২৩৫ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে, কক্সবাজার সমুদ্রবন্দর থেকে ১,১৭৫ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে, মোংলা সমুদ্রবন্দর থেকে ১,১৩৫ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে এবং পায়রা সমুদ্রবন্দর থেকে ১,১২৫ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে অবস্থান করছিল। প্রবল ঘূর্ণিঝড়টি আরও উত্তর-উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হয়ে আগামীকাল শুক্রবার দুপুর নাগাদ ভারতের উত্তর অন্ধ্র ও দক্ষিণ উড়িষ্যা উপকূল অতিক্রম করতে পারে।

বিজ্ঞাপন

প্রবল ঘূর্ণিঝড় কেন্দ্রের ৬৪ কিলোমিটারের মধ্যে বাতাসের একটানা সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ৮৯ কিলোমিটার, যা দমকা অথবা ঝড়ো হাওয়ার আকারে ১১৭ কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে। প্রবল ঘূর্ণিঝড়টির কেন্দ্রের নিকটবর্তী এলাকায় সাগর বিক্ষুব্ধ রয়েছে।

প্রবল ঘূর্ণিঝড়ের প্রভাবে উত্তর বঙ্গোপসাগর এলাকায় গভীর সঞ্চালনশীল মেঘমালা সৃষ্টি হচ্ছে। সমুদ্রবন্দরসমূহ, উত্তর বঙ্গোপসাগর এবং তৎসংলগ্ন উপকূলীয় এলাকার ওপর দিয়ে দমকা কিংবা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে।

চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরসমূহকে দুই নম্বর দূরবর্তী হুঁশিয়ারি সংকেত নামিয়ে তার পরিবর্তে তিন নম্বর স্থানীয় সতর্ক সংকেত বারবার দেখাতে বলা হয়েছে।

উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত সব মাছ ধরার নৌকা ও ট্রলারকে দ্রুত নিরাপদ আশ্রয়ে যেতে বলা হয়েছে এবং পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত নিরাপদ আশ্রয়ে থাকতে বলা হয়েছে।

বুধবার রাতে আবহাওয়াবিদ ড. ওমর ফারুক আমার দেশকে বলেন, ইতোমধ্যে দেশের দক্ষিণাঞ্চলে বৃষ্টি শুরু হয়েছে; বুধবার কক্সবাজারে ছয় মিলিমিটার, চট্টগ্রাম ও পটুয়াখালীতে সামান্য বৃষ্টি হয়েছে। বৃহস্পতিবার থেকে দেশের মধ্যাঞ্চলেও বৃষ্টি শুরু হতে পারে। এ সময় রাজধানীতেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এভাবে আগামী রোববার নাগাদ উপকূলীয় এলাকাসহ দেশের বিভিন্ন স্থানে বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

ঘূর্ণিঝড়ের প্রভাবে সোমবার পর্যন্ত দেশের উপকূলীয় এলাকাসহ বিভিন্ন অঞ্চলে চারদিন বৃষ্টি ও ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে। এ সময় শীতের অনুভূতি কম হবে। এরপর ২৫-২৬ নভেম্বর থেকে তাপমাত্রা কমে শীতের অনুভূতি কিছুটা বাড়তে পারে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
Loading...