টানা পাঁচ মাস ধরে প্রবাসীদের পাঠানো রেমিট্যান্স তিন বিলিয়ন ডলারের নিচে রয়েছে। গত অক্টোবরে দেশে ২৮৭ কোটি ৪০ লাখ ডলার বা ২ দশমিক ৮৭ বিলিয়ন ডলার রেমিট্যান্স পাঠিয়েছেন প্রবাসীরা । তবে এ আয় আগের বছরের একই সময়ের তুলনায় ১২ দশমিক ১০ শতাংশ বেশি। বাংলাদেশ ব্যাংকের প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
এর আগে সর্বশেষ গত মে মাসে প্রবাসীরা তিন বিলিয়ন ডলারের বেশি রেমিট্যান্স পাঠিয়েছিলেন। এরপর থেকে টানা পাঁচ মাস ধরে প্রবাসী আয় তিন বিলিয়ন ডলারের নিচে রয়েছে। বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, চলতি অর্থবছরের প্রথম মাস জুলাইয়ে প্রবাসী আয় এসেছিল ২৮৫ কোটি ৮৭ লাখ ডলার। পরের মাস আগস্টে তা বেড়ে দাঁড়ায় ২৯৬ কোটি ৬৬ লাখ ডলারে। তবে সেপ্টেম্বরে কমে ২৭৬ কোটি ৬০ লাখ ডলারে নেমে আসে। অক্টোবরে কিছুটা বেড়ে হয় ২৮৭ কোটি ৪০ লাখ ডলার।
চলতি অর্থবছরের প্রথম চার মাসে (জুলাই-অক্টোবর) প্রবাসীরা মোট ১ হাজার ১৪৬ কোটি ডলার বা ১১ দশমিক ৪৬ বিলিয়ন ডলার রেমিট্যান্স পাঠিয়েছেন। আগের অর্থবছরের একই সময়ে এসেছিল ১ হাজার ১৪ কোটি ডলার বা ১০ দশমিক ১৪ বিলিয়ন ডলার। সে হিসাবে চার মাসে প্রবাসী আয় বেড়েছে প্রায় ১৩ শতাংশ।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

