বাংলাদেশের বিমানবন্দরে বিসিএমএস স্থাপনে আগ্রহ ইতালীয় প্রতিষ্ঠানের

স্টাফ রিপোর্টার

বাংলাদেশের বিমানবন্দরে বিসিএমএস স্থাপনে আগ্রহ ইতালীয় প্রতিষ্ঠানের

বাংলাদেশের বিমানবন্দরগুলোতে বার্ড কন্ট্রোল ম্যানেজমেন্ট সিস্টেম-বিসিএমএস (বিমানবন্দরের রানওয়ে থেকে পাখি নিয়ন্ত্রণ) স্থাপনে আগ্রহ প্রকাশ করেছে ইতালীয় প্রতিষ্ঠান দ্য এজ কোম্পানি। একইসঙ্গে বাংলাদেশি টেকনিশিয়ানদের দক্ষতা উন্নয়নে একটি প্রশিক্ষণ একাডেমি প্রতিষ্ঠার পরিকল্পনার কথাও জানিয়েছে ইতালির প্রতিষ্ঠান ফ্লাইঅন অ্যারো।

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, সোমবার দুপুরে বিমানমন্ত্রী আফরোজা খানম রিতার সঙ্গে বাংলাদেশে নিযুক্ত ইতালির রাষ্ট্রদূত আন্তোনিও আলেসান্দ্রোর সৌজন্য সাক্ষাৎকালের সময় এসব আলোচনা হয়।

বিজ্ঞাপন

সাক্ষাৎকালে বাংলাদেশ ও ইতালির মধ্যকার দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদার করার বিষয়ে গুরুত্বারোপ করা হয়। এ সময় রাষ্ট্রদূত ইতালির অর্থনীতিতে প্রায় আড়াই লাখ বাংলাদেশি কর্মীর অবদানের জন্য বাংলাদেশের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

আলোচনায় রাষ্ট্রদূত ইতালীয় দ্য এজ কোম্পানি -এর পক্ষ থেকে বাংলাদেশের বিমানবন্দরগুলোর জন্য বার্ড কন্ট্রোল ম্যানেজমেন্ট সিস্টেম (বিসিএমএস) স্থাপনে আগ্রহের কথা জানান। পাশাপাশি বাংলাদেশি টেকনিশিয়ানদের দক্ষতা উন্নয়নে ফ্লাইঅন অ্যারোর একটি প্রশিক্ষণ একাডেমি প্রতিষ্ঠার পরিকল্পনার বিষয়েও বিস্তারিত তুলে ধরেন।

মন্ত্রী দেশের বিমান খাতের উন্নয়নে ইতালির সঙ্গে যৌথভাবে কাজ করার আগ্রহ প্রকাশ করেন। একই সঙ্গে বিমানবন্দর সম্প্রসারণে পাবলিক-প্রাইভেট পার্টনারশিপ (পিপিপি) মডেলে বিদেশি বিনিয়োগের সম্ভাবনা নিয়েও উভয় পক্ষের মধ্যে আলোচনা হয়।

বৈঠকে মন্ত্রী ইতালিগামী প্রবাসী বাংলাদেশিদের যাতায়াত সহজ করতে ঢাকা-রোম রুটে ফ্লাইটের সংখ্যা বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেন। জবাবে রাষ্ট্রদূত ফ্লাইট ফ্রিকোয়েন্সি বৃদ্ধির বিষয়ে যথাযথ পদক্ষেপ নেওয়ার আশ্বাস দেন।

এর আগে বিমানমন্ত্রী সিঙ্গাপুরভিত্তিক কোম্পানি এসএটিএসর প্রতিনিধিদের সঙ্গে পৃথক বৈঠক করেন। বৈঠকে প্রতিনিধিরা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনালের গ্রাউন্ড হ্যান্ডলিং কার্যক্রমে আগ্রহ প্রকাশ করেন।

এ বিষয়ে মন্ত্রী যথাযথ প্রক্রিয়ায় প্রস্তাব জমা দেওয়ার আহ্বান জানান এবং তা বিবেচনার আশ্বাস দেন।

এএস

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ

এলাকার খবর
Loading...