জ্বালানি তেলের দাম বাড়ানোর ইস্যুতে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) কোনো শর্ত নেই বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। মঙ্গলবার সচিবালয়ে তথ্য অধিদপ্তরের (পিআইডি) সম্মেলনকক্ষে সরকারের বিভিন্ন কার্যক্রমের অগ্রগতি নিয়ে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে এক প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।
জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে বাংলাদেশের অবস্থান তুলে ধরার পাশাপাশি রোহিঙ্গা সংকট, জলবায়ু পরিবর্তন, সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি, বৈশ্বিক বৈষম্য এবং মাতৃ ও নবজাতকের স্বাস্থ্য নিয়ে বিভিন্ন উচ্চপর্যায়ের সভায় অংশ নেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
নিউইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে অংশ নিতে যাওয়া প্রধানমন্ত্রী বিভিন্ন বিশ্বনেতার সঙ্গে বৈঠক ও কর্মসূচিতে অংশ নেবেন বলে জানান ডা. জাহেদ উর রহমান। জাতিসংঘ মহাসচিবের আয়োজনে একটি প্রার্থনা অনুষ্ঠানে যোগ দেওয়ার পাশাপাশি মার্কিন প্রেসিডেন্টের আয়োজনে রাষ্ট্র ও সরকারপ্রধান এবং তাদের সহধর্মীদের সম্মানে দেওয়া অভ্যর্থনা অনুষ্ঠানে অংশ নেবেন তিনি।
প্রধানমন্ত্রীর ২৩ সেপ্টেম্বরের কর্মসূচি সম্পর্কে তথ্য ও সম্প্রচার উপদেষ্টা বলেন, ওই দিন তিনি বিভিন্ন দাতব্য ও মানবিক সংস্থার প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় করবেন। এরপর ব্রাজিল, দক্ষিণ আফ্রিকা, নরওয়ে ও স্পেনের আয়োজনে বৈশ্বিক বৈষম্য সংকট মোকাবিলাবিষয়ক একটি উচ্চপর্যায়ের সভায় বক্তব্য দেবেন। একই দিনে জাতিসংঘ মহাসচিবের উদ্যোগে আয়োজিত ‘ক্লাইমেট অ্যাকশন অ্যান্ড দ্য জাস্ট ট্রানজিশন’ শীর্ষক উচ্চপর্যায়ের সভায় অংশ নেবেন।
রোহিঙ্গা সংকটকে প্রধানমন্ত্রীর সফরের অন্যতম গুরুত্বপূর্ণ বিষয় হিসেবে উল্লেখ করে ডা. জাহেদ উর রহমান বলেন, ২৩ সেপ্টেম্বর রোহিঙ্গা সংকট নিয়ে আয়োজিত সাইড ইভেন্টে প্রধানমন্ত্রী অংশ নেবেন। সেখানে মিয়ানমারে রোহিঙ্গাদের দ্রুততম সময়ে প্রত্যাবাসনের জন্য আন্তর্জাতিক সম্প্রদায়ের কার্যকর সহযোগিতা চাইবেন তিনি।
তিনি বলেন, বিভিন্ন বৈশ্বিক সংকটের কারণে রোহিঙ্গা সংকটের প্রতি আন্তর্জাতিক মনোযোগ কিছুটা কমেছে। একই সঙ্গে দীর্ঘদিন ধরে বাংলাদেশে রোহিঙ্গাদের প্রয়োজনীয় সহায়তা দেওয়ার কারণে অর্থনৈতিক চাপ বাড়ছে। পাশাপাশি এটি বাংলাদেশের জন্য একটি বড় নিরাপত্তাঝুঁকির বিষয়ও। প্রধানমন্ত্রী এই সংকটের প্রতি আবারও বিশ্বসম্প্রদায়ের দৃষ্টি আকর্ষণ করবেন।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন


