আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

নির্বাচনি প্রচার শেষ, অপেক্ষা এখন ভোটের

বিশেষ প্রতিনিধি

নির্বাচনি প্রচার শেষ, অপেক্ষা এখন ভোটের

আসন্ন সংসদ নির্বাচনের আনুষ্ঠানিক প্রচার আজ মঙ্গলবার সকাল সাড়ে ৭টায় শেষ হচ্ছে। একই সঙ্গে শেষ হচ্ছে গণভোটের প্রচার। নির্বাচনি প্রচারের শেষ সময় গতকাল সোমবার জমজমাট হয়ে উঠেছিল প্রচার। রাজধানীসহ সারা দেশে এদিন রাজনৈতিক দল, প্রার্থী ও তাদের কর্মী-সমর্থকরা বড় পরিসরে গণমিছিলসহ ব্যাপক শোডাউন করে। বিএনপি চেয়ারম্যান তারেক রহমান ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান রাজধানীতে বেশ কয়েকটি নির্বাচনি জনসভা ও পথসভায় অংশ নেন। তারা নিজ নিজ দল ও জোটের প্রার্থীর পক্ষে ভোট চেয়েছেন। রাজনৈতিক দল, প্রার্থীসহ ভোটাররা এখন ভোটের জন্য অপেক্ষা করছেন। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সবাই ভোটাধিকার প্রয়োগ করবেন।

নির্বাচনি আচরণবিধি অনুযায়ী রাজনৈতিক দল ও প্রার্থীরা নির্বাচনে ভোটগ্রহণের ৪৮ ঘণ্টা আগ থেকে কোনো ধরনের প্রচার চালাতে পারবে না। এ হিসেবে আজ মঙ্গলবার সকাল সাড়ে ৭টায় শেষ হচ্ছে সংসদ নির্বাচনের আনুষ্ঠানিক প্রচার। গত ২২ জানুয়ারি নির্বাচনের প্রচার শুরু হয়েছিল। এ হিসাবে প্রার্থী ও দলগুলো ১৯ দিনের মতো প্রচারের সুযোগ পেয়েছে।

বিজ্ঞাপন

বিএনপি চেয়ারম্যান তারেক রহমান ও জামায়াতের আমির ডা. শফিকুর রহমান দলের পক্ষে প্রায় সারা দেশ সফর করেছেন। বিএনপির রেওয়াজ অনুযায়ী তারেক রহমান গত ২২ জানুয়ারি সিলেট থেকে দলের পক্ষে প্রচার শুরু করেন। ১৯ দিনে দেশের বিভিন্ন স্থানে ৪৩টি নির্বাচনি জনসভা ও পথসভায় বক্তব্য দেন বিএনপি চেয়ারম্যান। এ সময়ে তিনি আটটি বিভাগের অন্তত ২৪টি জেলা সফর করেছেন। অপরদিকে ডা. শফিকুর রহমান সব বিভাগের ৪৩টি জেলার বিভিন্ন এলাকায় অর্ধশতাধিক বড় জনসভাসহ বেশকিছু পথসভায় বক্তব্য রেখেছেন। এছাড়া এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামও বেশ কয়েকটি জেলা সফর করেন।

রাজনৈতিক দল ও প্রার্থীদের সঙ্গে আলাপ করে জানা গেছে, ভোটগ্রহণ শুরুর আগের ৪৮ ঘণ্টা তারা ভোটের কৌশল নির্ধারণসহ কেন্দ্র গোছানোর কাজ করবেন। এ সময় তারা পোলিং এজেন্ট নিয়োগসহ সবগুলো কেন্দ্রের দায়িত্ব বণ্টন করবেন।

আগামী ১২ ফেব্রুয়ারি বৃহস্পতিবার ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হবে। ওই দিন সকাল সাড়ে ৭টা থেকে বিকাল সাড়ে ৪টা পর্যন্ত সারাদেশে ২৯৯টি সংসদীয় আসনে একযোগে ভোটগ্রহণ হবে। উল্লেখ্য, শেরপুর-৩ আসনে জামায়াতে ইসলামীর প্রার্থীর মৃত্যুতে ইসি ওই আসনের নির্বাচন বাতিল করায় ২৯৯ আসনে ভোট অনুষ্ঠিত হবে। সংসদ নির্বাচনের পরে ওই আসনে নতুন করে তফসিল ঘোষণা হবে।

ইসি সচিবালয় সূত্রে জানা যায়, দেশের সব জেলায় ইতোমধ্যেই রিটার্নিং অফিসারদের কাছে ব্যালট পেপারসহ সব ধরনের নির্বাচনি সামগ্রী পাঠানো হয়েছে।

এবারের নির্বাচনে ১২ কোটি ৭৭ লাখ ১১ হাজার ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন। এর মধ্যে পুরুষ ভোটার ছয় কোটি ৪৮ লাখ ২৫ হাজার, মহিলা ভোটার ছয় কোটি ২৮ লাখ ৮৫ হাজার এবং তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন এক হাজার ২২০ জন।

নির্বাচন কমিশন থেকে পাওয়া তথ্য অনুযায়ী, ৩০০ আসনের মধ্যে সর্বনিম্ন ভোটার ঝালকাঠি-১ আসনে দুই লাখ ২৮ হাজার ৪৩১ জন এবং সর্বোচ্চ আট লাখ চার হাজার ৩৩৩ জন ভোটার রয়েছে গাজীপুর-২ আসনে।

এবারের নির্বাচনে মোট ৫১টি রাজনৈতিক দল অংশগ্রহণ করছে এবং নির্বাচনে মোট প্রার্থীর সংখ্যা দুই হাজার ৩৩ জন। এর মধ্যে স্বতন্ত্র প্রার্থী রয়েছেন ২৭৫ জন। রাজনৈতিক দলগুলোর মধ্যে সবচেয়ে বেশি ২৯১ জন প্রার্থী দিয়েছে বিএনপি। সারা দেশের ২৯৯টি সংসদীয় আসনে মোট ৪২ হাজার ৭৭৯টি ভোটকেন্দ্রে দুই লাখ ৪৭ হাজার ৪৮২টি ভোটকক্ষ থাকবে।

এদিকে, ঢাকা-১২ আসনে সবচেয়ে বেশি ১৫ জন প্রার্থী এবং পিরোজপুর-১ আসনে সবচেয়ে কম মাত্র দুজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

নির্বাচনি দায়িত্ব পালনে প্রায় আট লাখ কর্মকর্তার পাশাপাশি নিরাপত্তা নিশ্চিতে ৯ লাখের মতো আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য নিয়োজিত থাকবেন। নির্বাচনে ৩৫ হাজারের মতো দেশীয় পর্যবেক্ষক এবং সাড়ে তিনশ’র মতো আন্তর্জাতিক পর্যবেক্ষক দায়িত্ব পালন করবেন।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন