নির্বাচনের তফসিল ঘোষণার পর সংঘটিত ৩১৭টি সহিংস ঘটনায় পাঁচজন নিহত হয়েছেন বলে জানিয়েছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম। তিনি জানান, নির্বাচন উপলক্ষে সারা দেশে মোট ২৭ হাজার ৯৯৫টি বৈধ অস্ত্র জমা পড়েছে।
মঙ্গলবার সকালে রাজধানীর গনি রোডে পুলিশ সদর দপ্তরের মিডিয়া সেন্টারে প্রাক্-নির্বাচনি নিরাপত্তা ব্যবস্থা তুলে ধরতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব তথ্য জানান।
আইজিপি বলেন, নির্বাচনে সারা দেশে মোট ১ লাখ ৫৭ হাজার ৮০৫ জন পুলিশ সদস্য মোতায়েন করা হবে। নিরাপত্তা পরিকল্পনার অংশ হিসেবে প্রতিটি ভোটকেন্দ্রে স্ট্যাটিক ফোর্স দায়িত্ব পালন করবে। পাশাপাশি কেন্দ্র পরিচালনার জন্য ভ্রাম্যমাণ পুলিশের দল থাকবে। জরুরি পরিস্থিতি মোকাবিলায় বিভিন্ন স্থানে স্ট্রাইকিং ফোর্স মোতায়েন করা হবে।
তিনি আরো জানান, নিরাপত্তা নিশ্চিত করতে প্রযুক্তির ব্যবহার বাড়ানো হয়েছে। মোট কেন্দ্রের ৮০ শতাংশে সিসিটিভি ক্যামেরা স্থাপন করা হয়েছে। ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলোতে বডি ওর্ন ক্যামেরা ব্যবহার করা হবে এবং প্রয়োজনে ড্রোন ক্যামেরার সহায়তা নেওয়া হবে।
আইজিপি বাহারুল আলম বলেন, গত ৫ আগস্ট থানা থেকে লুট হওয়া পুলিশের অস্ত্র ছাড়াও সাধারণ মানুষের থানায় জমা রাখা অস্ত্রও লুট হয়, যার সংখ্যা হাজারের বেশি। এসব লুট হওয়া অস্ত্রের বিষয়টি সত্ত্বেও একটি সফল নির্বাচন আয়োজনের ব্যাপারে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত আইজি এ কে এম আওলাদ হোসেন (প্রশাসন), মো. আকরাম হোসেন (অর্থ), মোসলেহ উদ্দিন আহমদ (লজিস্টিকস অ্যান্ড অ্যাসেট অ্যাকুইজিশন) এবং সরদার নূরুল আমিন (ডেভেলপমেন্ট) প্রমুখ।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

