জাতীয় ঈদগাহে পবিত্র ঈদুল আজহার নামাজ আদায় করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রোববার বিএনপি মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এ তথ্য জানান।
তিনি বলেন, বিএনপি স্থায়ী কমিটি সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা নজরুল ইসলাম খান, স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ, সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন, জাতীয় সংসদের চিফ হুইপ মো. নূরুল ইসলাম মণি ঢাকায় তাদের সংশ্লিষ্ট এলাকায় ঈদের নামাজ আদায় করবেন।
বিএনপি মহাসচিব ও স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর ঠাকুরগাঁও, স্থায়ী কমিটি সদস্য ড. আব্দুল মঈন খান নরসিংদীর পলাশ, অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী চট্টগ্রাম, বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু সিরাজগঞ্জ, জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ (বীরবিক্রম) ভোলা এবং ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল নিজ সংসদীয় আসনে ঈদের নামাজ আদায় করবেন। প্রধানমন্ত্রীর রাজনৈতিক সচিব ও বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী রাজধানীর ধানমন্ডিতে ঈদের নামাজ আদায় করবেন। এ ছাড়া অধিকাংশ মন্ত্রী ও সংসদ সদস্যরা নিজ নিজ সংসদীয় এলাকায় ঈদের নামাজ আদায় করবেন বলেও জানিয়েছেন শায়রুল কবির খান।
বিএনপির মিডিয়া সেল জানায়, ঈদের নামাজের পর শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান (বীর উত্তম) ও সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সমাধিস্থলে শ্রদ্ধা নিবেদন ও কোরআন তিলাওয়াত অনুষ্ঠিত হবে।
এএস
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

