দেশে সরকারি চাকরিতে চার লাখ ৬৮ হাজার ২২০টি পদ শূন্য রয়েছে বলে জানিয়েছেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী আবদুল বারী। বুধবার জাতীয় সংসদে প্রশ্নোত্তর পর্বে নওগাঁ-৬ আসনের সংসদ সদস্য শেখ মো. রেজাউল ইসলামের প্রশ্নের জবাবে এ তথ্য জানান তিনি।
স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে সংসদে প্রশ্নোত্তর অনুষ্ঠিত হয়।
জনপ্রশাসন প্রতিমন্ত্রী জানান, ২০২৩ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত সরকারি কর্মচারীদের জনবল সংক্রান্ত হালনাগাদ তথ্যের ভিত্তিতে সর্বশেষ প্রকাশিত পরিসংখ্যান অনুযায়ী দেশে বর্তমানে সরকারি চাকরীতে ১৪ লাখ ৫০ হাজার ৮৯১ জন কর্মরত আছে। তাদের মধ্যে প্রথম শ্রেণিতে কর্মরত কর্মচারীর সংখ্যা ১ লাখ ৯০ হাজার ৭৭৩ জন, দ্বিতীয় শ্রেণিতে কর্মরত ২ লাখ ৩৩ হাজার ৭২৬, তৃতীয় শ্রেণিতে ৬ লাখ ১৩ হাজার ৮৩৫, চতুর্থ শ্রেণিতে ৪ লাখ ৪ হাজার ৫৫৭ এবং অন্যান্য শ্রেণিতে কর্মকর্ত কর্মচারীর সংখ্যা ৭ হাজার ৯৮০ জন।
প্রতিমন্ত্রী জানান, প্রথম শ্রেণিতে শূন্যপদ ৬৮ হাজার ৮৮৪টি, দ্বিতীয় শ্রেণিতে ১ লাখ ২৯ হাজার ১৬৬, তৃতীয় শ্রেণিতে ১ লাখ ৪৬ হাজার ৭৯৯, চতুর্থ শ্রেণিতে ১ লাখ ১৫ হাজার ২৩৫ এবং অন্যান্য শ্রেণিতে শূন্য পদ ৮ হাজার ১৩৬টি।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

