ইনানীর টুপটুপ রিসোর্টে অগ্নিকাণ্ড

স্ত্রীর গলার চেইন দেখে লাশ শনাক্ত করলেন স্বামী

স্ত্রীর গলার চেইন দেখে লাশ শনাক্ত করলেন স্বামী

কক্সবাজারের উখিয়া উপজেলার ইনানীতে টুপটুপ রেস্টুরেন্ট অ্যান্ড রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডের ১০ দিন পর নিখোঁজ নাসরিন আক্তার মুক্তার (২৭) লাশ তার গলার চেইন দেখে শনাক্ত করেছেন স্বামী ফয়সাল দেওয়ান।

বিজ্ঞাপন

অগ্নিকাণ্ডের পর ১০ জনের লাশ উদ্ধারের পর ডিএনএ পরীক্ষার মাধ্যমে তাদের পরিচয় শনাক্ত করা হয়। তবে মুক্তার ডিএনএর সঙ্গে কোনো লাশের নমুনার মিল পাওয়া যায়নি। এ কারণে স্বামী ফয়সালের আবেদনের পরিপ্রেক্ষিতে তাকে খুঁজতে মঙ্গলবার সকালে উখিয়া থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের একটি দল নতুন করে টুপটুপ রিসোর্টে তল্লাশি চালায়।

এ সময় রিসোর্টের ক্ষতিগ্রস্ত বিভিন্ন কক্ষ ও আশপাশের এলাকা তল্লাশি করে স্তূপীকৃত টিনের নিচ থেকে তার লাশ উদ্ধার করা হয়। লাশের গলায় একটি লকেটসহ চেইন দেখা যায়। নাসরিন আক্তার মুক্তা বান্ধবীদের সঙ্গে ঘুরতে যাওয়ার সময় চেইনটি পরেছিলেন।

মুক্তার স্বামী ফয়সাল দেওয়ান আমার দেশকে বলেন, ‘আমি একটি অনলাইন পেজ থেকে এই চেইনটি মুক্তাকে কিনে দিয়েছিলাম। চেইনটি পেয়ে সে অনেক খুশি হয়েছিল। বান্ধবীদের সঙ্গে ঘুরতে যাবে বলে এই চেইন পরেই গিয়েছিল। আজ এই নেকলেসই আমাদের কাছে তাকে ফিরিয়ে দিল।’

১০ দিন পর লাশ খুঁজে পাওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন মুক্তার আরেক বান্ধবী আইরিন জাহান মীম। তিনি আমার দেশকে বলেন, ‘আগুন লাগার পরপরই ফায়ার সার্ভিসের লোকদের আমরা জানিয়েছিলাম, আমাদের বান্ধবী ভেতরে আটকা পড়েছে। এর মধ্যে একই পরিবারের ছয়জন নিখোঁজ ছিলেন, আরেক পরিবারের চারজন। স্বাভাবিক হিসাবেই তো ১১ জনের লাশ খুঁজে বের করার কথা। অথচ তারা ১০ জনের লাশ উদ্ধার করে উদ্ধার তৎপরতা বন্ধ করে দিল। পরের দিন আবার উদ্ধার অভিযান চালানো হলো, তখনো তারা আরেকজনের লাশ পেল না। প্রশাসনের কাছে আমরা এর জবাব চাই।’

গলার চেইন দেখে লাশ শনাক্ত হওয়ার বিষয়ে তিনি বলেন, ‘আমরা অনেকবার বলেছিলাম স্তূপ সরিয়ে খুঁজে দেখতে। বলেছিলাম, আমার বান্ধবীর গলায় একটা চেইন ছিল। সেই চেইন দেখলেই শনাক্ত করতে পারব। কিন্তু ১০টি লাশের গলায় চেইন ছিল না। আজ সেই চেইন দেখেই বোঝা গেল, এটা মুক্তার লাশ। এর মধ্যে ১০ দিন পার হয়ে গেল। আমার বান্ধবী স্তূপের মধ্যে পড়ে ছিল। এটা অনেক মর্মান্তিক।’

উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আতিকুর রহমান মজুমদার বলেন, ‘টুপটুপ রিসোর্টে অগ্নিকাণ্ডে নিখোঁজ নাসরিন আক্তার মুক্তার লাশ উদ্ধার করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।’

গত ১৭ অক্টোবর সকালে ইনানীতে টুপটুপ রেস্টুরেন্ট অ্যান্ড রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে ব্যাপক ক্ষয়ক্ষতির পাশাপাশি প্রাণহানির ঘটনা ঘটে। ঘটনার পরদিন থেকেই সাভারের আশুলিয়ার স্বপ্নবিলাস নিরিবিলি স্কুলের শিক্ষিকা নাসরিন আক্তার মুক্তাকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। দুই বান্ধবীর সঙ্গে কক্সবাজারে বেড়াতে গিয়ে তিনি ওই রিসোর্টে উঠেছিলেন।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন