লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) চেয়ারম্যান কর্নেল (অব.) অলি আহমদের কঠোর সমালোচনা করেছেন বিএনপির সংসদ সদস্য ও মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট মো. ফজলুর রহমান। একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে তিনি এই সমালোচনা করেন।
১১ দলীয় জোটের রাষ্ট্রপতি প্রার্থী হিসেবে কর্নেল (অব.) অলি আহমেদের প্রার্থিতাকে কীভাবে দেখছেন—সাক্ষাৎকারে এমন প্রশ্নের জবাবে ফজলুর রহমান বলেন, ‘অলি আহমদ সাহেবের মতো লোক যদি মানসিকভাবে অসুস্থ না হতেন, তাহলে জেনেশুনে এমন একজন ব্যক্তি রাষ্ট্রপতি পদপ্রার্থী হতেন না, যার জয়ী হওয়ার বিন্দুমাত্র সম্ভাবনা নেই।’
প্রার্থিতার অসারতা তুলে ধরে তিনি আরও বলেন, ‘তাদের (জোটের) সর্বোচ্চ ভোট হতে পারে ৭৫ বা ৭৬টি, অথচ জয়ের জন্য প্রয়োজন ২২৫টি ভোট। এই বাস্তবতায় এমন সিদ্ধান্তকে বুড়ো বয়সের ভীমরতি ছাড়া অন্য কিছু বলা চলে না।’
অলি আহমেদর সমালোচনা করে এই বিএনপি নেতা বলেন, ‘কিছু বেইমান ও পক্ষ পরিবর্তনকারী মানুষ সব সময় থাকে। আমি এখন অলি আহমদ সাহেবকেও সেই অবস্থানে দেখি। এর চেয়ে বেশি অপমান করে আমি আর কিছু বলতে চাই না। এখন থেকে তাকে আমি আর মুক্তিযুদ্ধের কেউ বলেও মনে করি না।’
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন


