নিজেরা বৈষম্যের শিকার দাবি করে 'আত্তীকরণ বিধিমালা ২০২৪'-এর কিছু অসংগতি সংশোধন ও ন্যায্য অধিকার নিশ্চিত করার দাবি জানিয়েছেন সরকারি মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকরা । একই সঙ্গে বিদ্যালয়গুলোতে বেতন সুরক্ষা ও গ্রেডেশন ব্যবস্থা না থাকায় এবং বদলির সুযোগ সীমিত থাকায় ক্ষোভ প্রকাশ করেছেন তারা।
শনিবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে 'সরকারিকৃত মাধ্যমিক সহকারী শিক্ষক পরিষদ' আয়োজিত সংবাদ সম্মেলনে শিক্ষকরা এ দাবি জানান।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে সংগঠনটির সভাপতি ছিদ্দিক আহমেদ বলেন, '২০২৪ সালে প্রণীত আত্তীকরণ বিধিমালা শিক্ষক সমাজের দীর্ঘদিনের দাবির পরিপ্রেক্ষিতে করা হলেও এতে বৈষম্য রয়ে গেছে। বিশেষ করে একই স্মারক ও তারিখে বিদ্যালয় জাতীয়করণ এবং এডহক নিয়োগ পাওয়া শিক্ষকদের মধ্যে বেতন নির্ধারণে বৈষম্য লক্ষ করা যাচ্ছে।'
তিনি জানান, এ পর্যন্ত ৩৬৩টি মাধ্যমিক বিদ্যালয় জাতীয়করণ হয়েছে, যাদের অধিকাংশই এডহক নিয়োগপ্রাপ্ত। কিন্তু এর মধ্যে মাত্র ৪২টি বিদ্যালয় বেতন সুরক্ষা সুবিধা পেয়েছে এবং আরও ৫টি স্কুল ও কলেজকে এই সুবিধা প্রদানের নির্দেশনা দেওয়া হলেও বাকি প্রতিষ্ঠানগুলো এখনও এর বাইরে রয়েছে। এতে শিক্ষকরা বৈষম্যের শিকার হচ্ছেন।
তিনি আরও বলেন, সরকারি কিংবা বেসরকারি বিদ্যালয়ের শিক্ষকদের বদলি ব্যবস্থা চালু থাকলেও জাতীয়করণকৃত বিদ্যালয়ের শিক্ষকদের ক্ষেত্রে 'আত্তীকরণ বিধিমালা ২০২৪'-এর ১৩ নম্বর ধারা অনুযায়ী বদলির অধিকার বাতিল করা হয়েছে। একই সঙ্গে সহকারী শিক্ষক (টেকনিক্যাল) পদ সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে অন্তর্ভুক্ত না হওয়ায় ভবিষ্যতে কারিগরি শিক্ষার প্রসারে বাধা তৈরি হবে।
সংবাদ সম্মেলনে সংগঠনের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম শিক্ষকদের ছয় দফা দাবি তুলে ধরেন।
তাদের দাবিগুলোর মধ্যে রয়েছে -আত্তীকরণ বিধিমালা ২০২৪ এর ১০ নম্বর কালো ধারা সংশোধন ও পে-প্রোটেকশন নিশ্চিত করা; কার্যকর চাকরিকাল অনুযায়ী বেতন ভাতা নির্ধারণ ও পদোন্নতি; আত্তীকরণ বিধিমালা ২০২৪ এর বৈষম্যমূলক ১৩ নম্বর ধারা বাতিল করে শিক্ষক কর্মচারীদের বদলির ব্যবস্থা করা; কার্যকর চাকুরীকালের ভিত্তিতে আত্তীকৃত শিক্ষকদের গ্রেডেশন তালিকায় অন্তর্ভুক্ত করা; সহকারী শিক্ষক (টেকনিক্যাল) পদটি সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের জনবল কাঠামোতে অন্তর্ভুক্ত করে ব্লক পোস্ট ধারণা বাতিল করা; আত্তীকরণ বিধিমালা ২০২৪ এর বৈষম্য সৃষ্টিকারী ধারা ৫(৩) নম্বর ধারা বাতিল করতে হবে।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন


