‘ভাববেন না বিএনপি ভাইসা আসছে, এটা জামায়াত-আ.লীগ না’

‘ভাববেন না বিএনপি ভাইসা আসছে, এটা জামায়াত-আ.লীগ না’

বিএনপির জনভিত্তি ও সাংগঠনিক শক্তি অত্যন্ত গভীর উল্লেখ করে দলটির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন, বিএনপি ভেসে আসেনি; এটি জামায়াতে ইসলামী কিংবা আওয়ামী লীগ নয়। তিনি স্পষ্ট করে বলেন, জনগণের শক্তিতে বলীয়ান হয়ে রাজপথে যেকোনো ষড়যন্ত্র মোকাবিলার পূর্ণ সামর্থ্য বিএনপির রয়েছে।

শনিবার রাজধানীতে দলীয় নেতাকর্মীদের এক সমাবেশে বক্তব্য প্রদানকালে তিনি এসব কথা বলেন।

বিজ্ঞাপন

মির্জা আব্বাস বলেন, ‘ভাববেন না যে আমরা শুধুমাত্র ঘরে বসে লড়াই করি। আমাদের পায়ের শক্তি আছে, কোমরের জোর আছে এবং আমাদের খুঁটি অত্যন্ত শক্ত। আর আল্লাহ তাআলার রহমতে এ দেশের সাধারণ জনগণই আমাদের মূল শক্তি। ভাববেন না বিএনপি ভেসে আসছে; এটা জামায়াতে ইসলামী না, আওয়ামী লীগও না—এটা বিএনপি, এটা মাথায় রাখতে হবে।’

নতুন রাজনৈতিক দল ও তরুণ নেতাদের হঠাৎ বিলাসী জীবনযাপনের দিকে ইঙ্গিত করে তিনি বলেন, ‘কিছু বাচ্চা ছেলেপেলে আছে, পটপরিবর্তনের পর যাদের দৈর্ঘ্য ও প্রস্থে সাইজ অস্বাভাবিক হারে বেড়েছে। বড় বড় গাড়ি নিয়ে বিভিন্ন এলাকায় মহড়া দিচ্ছে। এই টাকা কোত্থেকে আসে? এই গাড়ি কার, গ্যাস ও তেলের খরচ কে দেয়? তা জাতি জানতে চায়। আমাদের হিসাব চাইলে আমরা উন্মুক্ত করে দেব, কিন্তু আপনারা কি আমাদের মতো স্বচ্ছ হিসাব দিতে পারবেন? জাতিকে বিভ্রান্ত না করে দেশ গড়ার কাজে সহযোগিতা করুন।’

দলের ভেতর লুকিয়ে থাকা সুবিধাভোগী ও অনুপ্রবেশকারীদের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি দিয়ে মির্জা আব্বাস বলেন, ভারত থেকে আওয়ামী লীগের কিছু নেতা দেশে ফিরে বিভিন্ন এলাকায় অবস্থান নেওয়ার চেষ্টা করছে। অত্যন্ত দুর্ভাগ্যের বিষয় হলো, বিএনপির কিছু লোক টাকার বিনিময়ে তাদের আশ্রয়-প্রশ্রয় দিচ্ছে।

তিনি দ্ব্যর্থহীন কণ্ঠে ঘোষণা দেন, ‘বিএনপির শত্রু আমার শত্রু, আর আমার শত্রু মানেই বিএনপির শত্রু। কোনো অপরাধী যদি মির্জা আব্বাসের আত্মীয় বা ঘনিষ্ঠ লোকও হয়, তাকেও এক চুল ছাড় দেওয়া হবে না। আওয়ামী লীগ হোক বা দলের ভেতর ঘাপটি মেরে থাকা ষড়যন্ত্রকারী—সবাইকে ঐক্যবদ্ধভাবে প্রতিহত করা হবে। যারা দুই হাতে কামাতে চাচ্ছে, তাদের অবিলম্বে বর্জন করতে হবে।’

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন