যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক বলেছেন, দেশের জ্বালানি ও বিদ্যুৎ সংকট দূর করতে ঘরে ঘরে বায়োগ্যাস প্লান্ট গড়ে তুলতে হবে। যাঁদের ৩ থেকে ৫টি গরু বা শতাধিক হাঁস-মুরগি আছে, তাঁরাই যেন এই উদ্যোগ নেন। এক্ষেত্রে সরকার সার্বিকভাবে সহযোগিতা করবে।
শনিবার দুপুরে নীলফামারীর সৈয়দপুর উপজেলার আইসঢাল গ্রামে একটি বায়োগ্যাস প্লান্ট পরিদর্শনকালে তিনি এসব কথা বলেন। এ সময় তিনি গণমাধ্যমকর্মীদের মাধ্যমে দেশের সর্বস্তরের যুবসমাজকে এই আহ্বানে সাড়া দিয়ে এগিয়ে আসার আহ্বান জানান।
অনুষ্ঠানে বায়োগ্যাস প্লান্ট গড়ে তুলতে সরকারি ঋণ বাবদ ৫ জন উদ্যোক্তাকে ১ লাখ ৫০ হাজার করে মোট সাড়ে ৭ লাখ টাকার চেক বিতরণ করা হয়। একই সঙ্গে গ্যাসের চুলায় আগুন জ্বালিয়ে উদ্যোক্তা মাহবুব মুকুলের বায়োগ্যাস প্লান্টের সরবরাহ কার্যক্রম উদ্বোধন করেন প্রতিমন্ত্রী। অনুষ্ঠানে নীলফামারী জেলা প্রশাসক হুমায়ুন কবির, জেলা বিএনপির সভাপতি আব্দুল গফুর সরকার ও উদ্যোক্তা মাহবুব মুকুল বক্তব্য দেন।
প্রতিমন্ত্রী বলেন, বায়োগ্যাস প্লান্টের মাধ্যমে জ্বালানি গ্যাস ও জৈব সার উৎপাদিত হচ্ছে। এমনকি এই প্লান্টের মাধ্যমে বিদ্যুৎ উৎপাদন করার প্রযুক্তি নিয়েও কাজ চলছে। ঘরে ঘরে প্লান্ট গড়ে উঠলে গ্যাস ও সারের পাশাপাশি বিদ্যুৎ সংকট নিরসনেও তা সাহায্য করবে। এতে উদ্যোক্তারা নিজেরা কর্মসংস্থান সৃষ্টি করে এবং অন্যদের গ্যাস ও বিদ্যুৎ দিয়ে উপকার করে আর্থিকভাবে লাভবান হতে পারবেন এবং দেশের আর্থসামাজিক উন্নয়নে অবদান রাখতে পারবেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নীলফামারী জেলা যুব ও ক্রীড়া অধিদপ্তরের উপপরিচালক বিলকিস আলম। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সৈয়দপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারাহ ফাতেহা তাকমিলা ও সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রেজাউল করিম রেজাসহ স্থানীয় বিএনপি ও জামায়াতের নেতৃবৃন্দ। অনুষ্ঠান সঞ্চালনা করেন সৈয়দপুর উপজেলা যুব ও ক্রীড়া কর্মকর্তা মতিউর রহমান।
এমই
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

