জাতীয় যুব দিবস-২০২৬ উদযাপন এবং প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী প্রতি শনিবার পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনার অংশ হিসেবে বরিশাল নগরীর ৩০ গোডাউন এলাকার ‘সেলফি রোড’-এ পরিচ্ছন্নতা অভিযানে অংশ নিয়েছেন বরিশাল বিভাগীয় কমিশনার মো. খলিল আহমেদ ও জেলা প্রশাসক মামুন খন্দকার।
শনিবার জেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তরের যৌথ আয়োজনে এই অভিযান পরিচালিত হয়। পরিচ্ছন্নতা অভিযানে অংশ নিয়ে নিজ হাতে ঘাস কেটে এবং ময়লা-আবর্জনা পরিষ্কার করেন বিভাগীয় কমিশনার মো. খলিল আহমেদ, জেলা প্রশাসক মামুন খন্দকার এবং বরিশাল সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফরিদা সুলতানাসহ প্রশাসনের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা।
এ সময় ‘বিডি ক্লিন’-এর সদস্য, বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ এবং প্রশাসনের কর্মকর্তা-কর্মচারীরা স্বতঃস্ফূর্তভাবে পরিচ্ছন্নতা অভিযানে যোগ দেন। তারা সম্মিলিতভাবে এলাকার বড় ঘাস, ঝোপঝাড় পরিষ্কার ও যত্রতত্র ছড়িয়ে থাকা ময়লা-আবর্জনা অপসারণ করেন। প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী প্রতি শনিবার নিয়মিত পরিচ্ছন্নতা অভিযান পরিচালনার মাধ্যমে নগরীকে পরিচ্ছন্ন, সুন্দর ও বাসযোগ্য করে তুলতে এই কার্যক্রম অব্যাহত রাখার ওপর বিশেষ গুরুত্বারোপ করা হয়।
জেলা প্রশাসক মামুন খন্দকার বলেন, একটি সুন্দর ও পরিচ্ছন্ন নগরী গড়ে তুলতে প্রশাসনের পাশাপাশি সাধারণ মানুষের সহযোগিতা অত্যন্ত জরুরি। যত্রতত্র ময়লা-আবর্জনা না ফেলে নিজ নিজ অবস্থান থেকে পরিচ্ছন্নতা বজায় রাখতে হবে। জাতীয় যুব দিবস উপলক্ষে এই উদ্যোগের মাধ্যমে তরুণদের মধ্যে সামাজিক দায়িত্ববোধ ও পরিবেশ সচেতনতা আরও বৃদ্ধি পাবে বলে আমি আশা করি।
পরিচ্ছন্নতা অভিযানে অংশ নিয়ে বিভাগীয় কমিশনার মো. খলিল আহমেদ বলেন, পরিচ্ছন্নতা শুধু একদিনের কোনো আনুষ্ঠানিকতা নয়, এটি আমাদের দৈনন্দিন অভ্যাসে পরিণত করতে হবে। নিজের শহর ও পরিবেশ পরিচ্ছন্ন রাখার মূল দায়িত্ব আমাদের সবার। বিশেষ করে যুবসমাজকে এ ধরনের সামাজিক ও স্বেচ্ছাসেবামূলক কাজে আরও বেশি করে এগিয়ে আসতে হবে।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

