ফ্রান্সজুড়ে বিক্ষোভকারীদের ৬৫টি কর্মসূচি, গ্রেপ্তার ২৭ জন

ফ্রান্সজুড়ে বিক্ষোভকারীদের ৬৫টি কর্মসূচি, গ্রেপ্তার ২৭ জন
ছবি: সংগৃহীত।

ফ্রান্সে সরকারবিরোধী বিক্ষোভের তৃতীয় সপ্তাহান্তে শনিবার দেশজুড়ে ৬৫টি কর্মসূচিতে প্রায় ১৫ হাজার মানুষ অংশ নিয়েছেন। এসব কর্মসূচি থেকে স্থানীয় সময় দুপুর ২টা পর্যন্ত ২৭ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বরাতে স্থানীয় সংবাদমাধ্যম এ তথ্য জানিয়েছে।

বিজ্ঞাপন

ফরাসি সংবাদমাধ্যম বিএফএমটিভির প্রতিবেদনে বলা হয়েছে, সাম্প্রতিক শনিবারগুলোর বিক্ষোভের তুলনায় এবার পরিস্থিতি অনেকটাই শান্ত ছিল। স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, দেশজুড়ে পরিস্থিতি ‘সাধারণভাবে শান্ত ছিল এবং উল্লেখযোগ্য কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি’।

মন্ত্রণালয়ের দেওয়া তথ্য অনুযায়ী, গত ২৪ অক্টোবর ১০৮টি কর্মসূচিতে অংশ নিয়েছিলেন ৩৭ হাজার মানুষ। এর আগে ১৭ অক্টোবর ১৯৮টি কর্মসূচিতে অংশ নেন ৬৭ হাজার বিক্ষোভকারী। অর্থাৎ আগের দুই সপ্তাহের তুলনায় শনিবারের কর্মসূচিতে অংশগ্রহণকারীর সংখ্যা উল্লেখযোগ্যভাবে কমেছে।

গ্রেপ্তারের সংখ্যাও কমেছে। ২৪ অক্টোবর একই সময় পর্যন্ত ২১৭ জনকে গ্রেপ্তার করা হয়েছিল।

এ নিয়ে তিন সপ্তাহের মধ্যে তৃতীয়বারের মতো দেশজুড়ে সামাজিক আন্দোলনের কর্মসূচি পালন করল ফ্রান্স। ৩১ অক্টোবর হ্যালোইন উৎসব থাকায় দিনটিকে ঘিরে নিরাপত্তাঝুঁকি বেশি বলে আগেই সতর্ক করেছিল কর্তৃপক্ষ।

স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, পরিস্থিতি বিবেচনায় নিরাপত্তাব্যবস্থা বহাল রাখা হয়েছে। সহিংসতা বা সম্পদের ক্ষয়ক্ষতির ঘটনায় জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে পুলিশ ‘সর্বোচ্চ কঠোরতা’ দেখাবে বলেও সতর্ক করেছে মন্ত্রণালয়।

সূত্র: আনাদোলু এজেন্সি

এমএমআর

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন