বর্ণাঢ্য আয়োজনে উদযাপিত হয়েছে শিশুকিশোর সংগঠন ফুলকুঁড়ি আসরের (রংধনু শাখা) ৫২তম প্রতিষ্ঠাবার্ষিকী ও শিশুকিশোর সমাবেশ।
শনিবার রাজশাহীর সি অ্যান্ড বি মোড়সংলগ্ন নানকিং দরবার হলে দিনব্যাপী এই প্রীতি উৎসব ও সমাবেশ অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করা হয়। এরপর ফুলকুঁড়ির শিল্পীদের পরিবেশনায় উদ্বোধনী গান ‘ফুলকুঁড়ির গান’ পরিবেশন, সংগঠনের অতীত অর্জন তুলে ধরা, লক্ষ্য ও কার্যক্রমভিত্তিক বিশেষ প্রামাণ্যচিত্র (ডকুমেন্টারি) প্রদর্শন, শিশুকিশোরদের আবৃত্তি, নাটক মঞ্চায়ন এবং বিশেষ শর্টফিল্ম প্রদর্শিত হয়। এ ছাড়া বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ী মেধাবী শিশুকিশোরদের হাতে ক্রেস্ট, মেডেল ও সনদপত্র তুলে দেওয়া হয়।
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ ও ফুলকুঁড়ি আসর রংধনু শাখার উপদেষ্টা সভাপতি প্রফেসর মো. মতিয়ার রহমানের সভাপতিত্বে এবং শাখা পরিচালক অগ্রপথিক ড. আবদুল্লাহ আল মুনতাসিরের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য প্রফেসর ড. সালেহ হাসান নকীব।
এ ছাড়া বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সাবেক উপ-উপাচার্য (প্রশাসন) প্রফেসর ড. মো. মাঈন উদ্দীন এবং প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন জাকারিয়া হাবিব পাইলট।
এ অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রেসের প্রশাসক প্রফেসর ড. মাহফুজুর রহমান আখন্দ, মতিহার হলের প্রভোস্ট প্রফেসর ড. মো. সামিউল ইসলাম সরকার, রসায়ন বিভাগের প্রফেসর ড. মো. নুরুল ইসলাম, সমাজকর্ম বিভাগের প্রফেসর ও সাবেক জনসংযোগ কর্মকর্তা ড. আখতার হোসেন মজুমদার এবং বিজয়-২৪ হলের প্রভোস্ট প্রফেসর ড. জামিরুল ইসলাম।
এমই
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

