নরসিংদী সদর উপজেলার মাধবদী পৌরসভার উন্নয়নকাজে অনিয়মের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন নরসিংদী-১ (সদর) আসনের সংসদ সদস্য ও বিএনপির কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন। তিনি বলেছেন, পৌরসভার কাজে কেউ রডের বদলে বাঁশ আর সিমেন্টের বদলে বালি ব্যবহার করলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
শনিবার বিকেলে মাধবদী বাজারে পৌরসভার উন্নয়নকাজের উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন।
খায়রুল কবির খোকন বলেন, দীর্ঘদিন মাধবদী পৌরসভার মেয়র পদে দানবীয়, মাফিয়া ও খুনি সরকারের প্রতিনিধি ছিল। তারা টেন্ডার ছাড়াই নিজেরা কাজ ভাগাভাগি করে অর্থ লুটপাট করেছে।
তিনি আরও বলেন, এই পৌরসভায় বিশ্বব্যাংকের অর্থায়নে বড় বড় উন্নয়নকাজ এসেছিল। কিন্তু সেই কাজগুলো যাতে না হয়, সে জন্য গোপালগঞ্জের এক ঠিকাদার টেন্ডারের নামে নয়ছয় করে সেগুলো বাতিল করে দিয়েছে। সেই কাজগুলো আবার এসেছে। তাই এবার এসব কাজ সঠিক টেন্ডারের মাধ্যমে সম্পন্ন করা হবে।
তিনি বলেন, শতভাগ স্বচ্ছতার ভিত্তিতে এবং সঠিক নিয়ম মেনে উন্নয়নকাজ করতে হবে। কোনো ঠিকাদার যদি রডের বদলে বাঁশ আর সিমেন্টের বদলে বালি দিয়ে কাজের অনিয়ম করেন, তাহলে তাঁর বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে।
নরসিংদী সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও মাধবদী পৌরসভার প্রশাসক আসমা জাহান সরকারের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন সংরক্ষিত আসনের সংসদ সদস্য ও বিএনপির কেন্দ্রীয় কমিটির স্বনির্ভর বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট শিরিন সুলতানা, জেলা বিএনপির সহসভাপতি আবু সালেহ চৌধুরী, জেলা যুবদলের সভাপতি মহশিন হোসাইন বিদ্যুৎ, শহর বিএনপির সভাপতি আমান উল্লাহ, সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন আনু এবং জেলা ছাত্রদলের সভাপতি ছিদ্দিকুর রহমান নাহিদসহ অন্যরা।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

