বরিশাল শিক্ষা বোর্ডের অধীনে অনুষ্ঠিত উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষায় এবার পাসের হার ৪৪ দশমিক ৮৪ শতাংশ। এ বছর জিপিএ-৫ পেয়েছেন ৯৫০ জন শিক্ষার্থী। গত বছরের তুলনায় এবার পাসের হার ও জিপিএ-৫—দুটিই কমেছে। এছাড়া চলতি বছর এই শিক্ষা বোর্ডের অধীন ১১টি শিক্ষাপ্রতিষ্ঠানের কোনো শিক্ষার্থী পাস করতে পারেননি।
শনিবার পরীক্ষার ফলাফল ঘোষণা করেন বরিশাল শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক শরীফ মোর্শেদ রেজা।
ফলাফল ঘোষণার সময় তিনি বলেন, এবারের ফলাফল যথাযথভাবে পর্যালোচনা ও মূল্যায়নের মাধ্যমে প্রকাশ করা হয়েছে। এতে শিক্ষার্থীদের প্রকৃত মেধার প্রতিফলন ঘটেছে।
শিক্ষা বোর্ডের তথ্য অনুযায়ী, এ বছর বরিশাল বোর্ডের অধীন বিভাগের ছয় জেলার ৩৫০টি কলেজ থেকে মোট ৫৭ হাজার ৯১২ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করেছিল। তাদের মধ্যে ২৬ হাজার ৭৫৫ জন ছাত্র এবং ৩১ হাজার ১৫৭ জন ছাত্রী। পরীক্ষায় মোট পাস করেছেন ২৫ হাজার ৯৭০ জন।
তুলনামূলক চিত্রে দেখা যায়, গত বছর এই বোর্ডে পাসের হার ছিল ৬২ দশমিক ৫৭ শতাংশ এবং জিপিএ-৫ পেয়েছিলেন ১ হাজার ৬৭৪ জন শিক্ষার্থী। সেই হিসেবে এক বছরের ব্যবধানে পাসের হার কমেছে প্রায় ১৮ শতাংশ। পাশাপাশি জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীর সংখ্যাও কমেছে ৭২৪ জন।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

