জয়পুরহাটের কালাইয়ে ট্রাকের সঙ্গে ব্যাটারিচালিত অটোরিকশার ধাক্কায় দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরো একজন আহত হয়েছেন।
শনিবার সন্ধ্যা ৬টার দিকে কালাই-বগুড়া আঞ্চলিক মহাসড়কের সরাইল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন কালাই উপজেলার আপলাপাড়া গ্রামের মৃত নায়েব আলীর ছেলে নুরনবী (৫৭) এবং মৃত মফিজ উদ্দিনের ছেলে এনামুল হক (৫৫)। এ ঘটনায় আহত হয়েছেন ইউসুফ আলীর ছেলে সোহরাব হোসেন (৫২)।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সন্ধ্যায় জয়পুরহাটের দিকে দ্রুতগতিতে আসা একটি ট্রাকের সঙ্গে বিপরীত দিক থেকে আসা যাত্রীবাহী ব্যাটারিচালিত অটোরিকশার ধাক্কা লাগে। এতে অটোরিকশাটি দুমড়েমুচড়ে যায় এবং ঘটনাস্থলেই একজন নিহত হন। পরে স্থানীয় লোকজনের সহায়তায় আহতদের উদ্ধার করে কালাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়।
গুরুতর আহত এনামুল হককে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে মৃত্যু হয়।
কালাই থানার তদন্ত কর্মকর্তা (ওসি) মো. ইমায়েদুল জাহেদী দুর্ঘটনায় দুজন নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করে জানান, স্থানীয়দের সহযোগিতায় আহতদের দ্রুত উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়েছিল। পরে তাদের উন্নত চিকিৎসার জন্য বগুড়ায় পাঠানো হয়। দুজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। ঘাতক ট্রাকের চালক ও হেলপার দুজনেই পলাতক রয়েছেন।
এমই
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

