ঢাকা টেস্টে বাংলাদেশকে জিততে দেয়নি ওয়েস্ট ইন্ডিজ। ঢাকায় ব্যাট এবং বল হাতে দাপট দেখিয়ে সিলেট টেস্ট খেলতে যাচ্ছে সফরকারীরা। ম্যাচ জয়ের পর সংবাদ সম্মেলনে বাংলাদেশকে হোয়াইটওয়াশ করার লক্ষ্যের কথা জানিয়েছেন উইন্ডিজ অধিনায়ক রস্টন চেজ।
ঘরের মাঠে সর্বশেষ চারটি টেস্ট ম্যাচের সবগুলোতে জিতে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে মাঠে নেমেছিল বাংলাদেশ। এমন কন্ডিশনে স্বাগতিকদের হারানোর অনুভূতি নিয়ে উইন্ডিজ অধিনায়ক বলেন, 'যেকোনো জায়গায়, যেকোনো কন্ডিশনে টেস্ট ম্যাচ জয়ের অনুভূতি দারুণ। কিন্তু আমরা এখানে জিততে এসেছি, তাই এই শুরুটা দরকার ছিল। আমরা দুটো ম্যাচই জিততে চাই, এটা কেবল দুই লেগের প্রথমটি (জয়)।'
ঢাকা টেস্টে দুই ইনিংস মিলিয়ে ১৬টি উইকেট পেয়েছেন উইন্ডিজ স্পিনাররা। অন্যদিকে, নিজেদের ঘরের মাঠে দুই ইনিংসে ৮টি উইকেট পেয়েছে বাংলাদেশি স্পিনাররা। এই হিসেবে উইন্ডিজ স্পিনাররা ভালো বোলিং করেছেন, বলাই যায়। আর এই পারফরম্যান্সের মূল কারিগর ছিলেন জোমেল ওয়ারিক্যান। দুই ইনিংস মিলিয়ে ৯ উইকেট নিয়ে হয়েছেন ম্যাচসেরা। তার বোলিং নিয়ে অধিনায়ক বলেন,
'আমাদের একটি মানসম্মত স্পিন আক্রমণ রয়েছে। বিশেষ করে জোমেল ওয়ারিক্যান, সে অনেক বছর ধরেই আমার পরিচিত। আমরা একই স্কুলে গিয়েছি এবং সে একজন কারুশিল্পী। যখনই সে সুযোগ পেয়েছে, নিজেকে উন্নত করার চেষ্টা করেছে এবং দলকে কিছু দেয়ার চেষ্টা করেছে।'
খেলার টার্নিং পয়েন্ট সম্পর্কে চেজ বলেন, 'প্রথমত, তাদেরকে (বাংলাদেশ দলকে) অনেক বেশি রানের লিড না নিতে দেওয়া গুরুত্বপূর্ণ ছিল। কারণ বাংলাদেশে অবশ্যই কেউ চতুর্থ ইনিংসে বেশি রান তাড়া করতে চাইবে না। এরপর অবশ্যই আসবে দ্বিতীয় ইনিংসে বল হাতে আমাদের দুর্দান্ত শুরুর কথা। আমরা ওদের শুরুতেই চাপে ফেলে দিয়েছি।'
চতুর্থ দিনে বাংলাদেশের হয়ে উল্লেখযোগ্য পারফর্ম করেছেন নাঈম হাসান। বল হাতে উইকেট না পেলেও ব্যাট হাতে ফিফটি করেছেন তিনি। তার ইনিংস ওয়েস্ট ইন্ডিজের পরিকল্পনায় খানিকটা বিঘ্ন ঘটিয়েছে জানিয়ে চেজ বলেন, 'আমরা ওদের কোনো ছাড় দেইনি। তবে আমি মনে করি, সকালে ওরা ভালো খেলেছে। যে ফিফটিটা হয়েছে (নাঈমের ফিফটি), আমরা যতটা না আশা করেছি, সে তার চেয়ে বেশিক্ষণ আমাদের মাঠে রেখেছে। তবে আমরা ধৈর্য্য ধরেছি এবং পরিকল্পনায় অটল ছিলাম। আমরা তাদের এমন একটি রানের মধ্যে আটকে ফেলেছি, যেটা তাড়া করা সহজ। এরপর আমরা ভালো শুরু চেয়েছি এবং সেটা পেয়েছিও।'
বাংলাদেশকে একশ' রানের মধ্যে আটকে দেয়ার একটা সুযোগ ছিল। তবে নাঈমের ব্যাটে সেই সংগ্রহটা ১৪২-এ চলে যায় বাংলাদেশের। ফলে লক্ষ্যটাও একটু বাড়ে উইন্ডিজের। ওই সময়ের পরিকল্পনা সম্পর্কে চেজ বলেন, 'আমার মনে হয়েছে ১৭০ রান তাড়া করে জয়টা ভালোভাবেই সম্ভব। উইকেট এখনও ভালো, আমার মনে হয় না, এটাতে তেমন কিছু আছে। পুরো ম্যাচেই উইকেট একই রকম ছিল। ভালো বাউন্সও ছিল। সম্ভবত, ঢাকায় এই প্রথম এত বাউন্সি উইকেট দেখলাম। দ্বিতীয় ইনিংসে লক্ষ্য তাড়ায় আমরা শুধু চেয়েছিলাম একটা ভালো শুরু। এরপর আমি চেয়েছি, খেলোয়াড়রা যেন ইনটেন্ট নিয়ে ব্যাট করে।'
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

