প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে ব্রিটিশ-মার্কিন প্রতিনিধিদলের সাক্ষাৎ

স্টাফ রিপোর্টার

প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে ব্রিটিশ-মার্কিন প্রতিনিধিদলের সাক্ষাৎ

প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা ড. একেএম শামছুল ইসলামের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুক। বুধবার ঢাকার সেনানিবাসে সশস্ত্র বাহিনী বিভাগে অবস্থিত প্রতিরক্ষা উপদেষ্টার কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

সাক্ষাৎকালে বাংলাদেশ ও যুক্তরাজ্যের মধ্যে প্রতিরক্ষা সহযোগিতা বৃদ্ধির পাশাপাশি বিদ্যমান সামরিক সম্পর্ক আরো জোরদার করার বিষয়ে আলোচনা হয়।

বিজ্ঞাপন

এদিকে, একই দিনে যুক্তরাষ্ট্রের একটি উচ্চপর্যায়ের প্রতিনিধিদলও প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করেন। বৈঠকে প্রতিনিধিদল বাংলাদেশের সশস্ত্র বাহিনীর অগ্রাধিকারসমূহ সম্পর্কে অবহিত হয় এবং ইন্দো-প্যাসিফিক প্রতিরক্ষা নিরাপত্তা সহযোগিতা বিশ্ববিদ্যালয় (ডিএসসিইউ)-এর মাধ্যমে সামরিক সক্ষমতা ও দক্ষতা উন্নয়নে সম্ভাব্য সহযোগিতার ক্ষেত্র নিয়ে বিস্তারিত আলোচনা করে।

Amardesh_US

উভয় পক্ষ বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে বিদ্যমান প্রতিরক্ষা সহযোগিতা আরও জোরদার ও সম্প্রসারণে আশাবাদ ব্যক্ত করেন। পাশাপাশি ভবিষ্যতে দ্বিপাক্ষিক সামরিক সম্পর্ক ও কৌশলগত অংশীদারিত্ব আরও সুদৃঢ় হবে বলেও মত প্রকাশ করা হয়।

সাক্ষাৎকালে ঢাকাস্থ মার্কিন দূতাবাসের ইউনাইটেড স্টেটস মিলিটারি গ্রুপের প্রধান লেফটেন্যান্ট কর্নেল রবার্ট গ্রিন, ডিএসসিইউ’র রিজিওনাল প্রোগ্রাম লিড ও সহকারী অধ্যাপক মাইকেল রেমবোল্ডসহ আরও দুইজন প্রতিনিধি উপস্থিত ছিলেন।

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানিয়েছে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন