রাজধানীতে আগামী ২৬ নভেম্বর শুরু হচ্ছে তিন দিনব্যাপী দশম আন্তর্জাতিক ফায়ার, সেফটি অ্যান্ড সিকিউরিটি এক্সপো-২০২৬। ইলেকট্রনিক্স সেফটি অ্যান্ড সিকিউরিটি অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ-এর উদ্যোগে ২৮ নভেম্বর পর্যন্ত বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে (বিসিএফসিসি) এ প্রদর্শনী অনুষ্ঠিত হবে।
শনিবার (৭ নভেম্বর) জাতীয় প্রেস ক্লাবের আবদুস সালাম হলে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়।
আয়োজকরা জানান, এবারের প্রদর্শনীতে ১২০টির বেশি প্রতিষ্ঠান অংশ নেবে। এতে ২০টির বেশি দেশের অংশগ্রহণ এবং ২০ হাজারের বেশি দর্শনার্থীর সমাগম প্রত্যাশা করা হচ্ছে। ফায়ার, সেফটি ও সিকিউরিটি খাতের আধুনিক প্রযুক্তি, পণ্য ও সেবা প্রদর্শনের পাশাপাশি শিল্পকারখানা, অবকাঠামো ও বিভিন্ন প্রতিষ্ঠানের নিরাপত্তাব্যবস্থা উন্নয়নের বিষয়গুলো গুরুত্ব পাবে।
প্রদর্শনীর পাশাপাশি দেশি-বিদেশি বিশেষজ্ঞদের অংশগ্রহণে পাঁচটি বিশেষায়িত সেমিনার অনুষ্ঠিত হবে। এতে ২৫ জনের বেশি বক্তা আধুনিক নিরাপত্তা প্রযুক্তি, ঝুঁকি ব্যবস্থাপনা, আন্তর্জাতিক মান, শিল্প ও অবকাঠামোর নিরাপত্তা এবং ভবিষ্যৎ নিরাপত্তাব্যবস্থা নিয়ে আলোচনা করবেন।
এ ছাড়া প্রদর্শনীতে ১৩টির বেশি পণ্য ও সেবা বিভাগে প্রযুক্তি ও সমাধান তুলে ধরা হবে। বিশেষ আকর্ষণ হিসেবে থাকবে লাইভ অগ্নিনির্বাপণ ও উদ্ধার প্রদর্শনী, ইভাকুয়েশন ড্রিল এবং স্বেচ্ছাসেবক নিয়োগ কার্যক্রম। অনুষ্ঠানে ‘ESSAB Safety Excellence Award 2026’ এবং ‘AGNIBIR Award’ প্রদান করা হবে।
সংবাদ সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের পরিচালক (অপারেশন ও মেইনটেন্যান্স) লেফটেন্যান্ট কর্নেল মো. মাহমুদুল হাসান। বক্তব্য দেন ESSAB-এর সভাপতি কোয়াজউদ্দিন লিডার এম দিদারুল ইসলাম (অব.) এবং মহাসচিব নাঈম উদ্দিন মাহমুদ। অনুষ্ঠানে সংগঠনের অন্যান্য নেতারাও উপস্থিত ছিলেন।
প্রদর্শনী প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত দর্শনার্থীদের জন্য উন্মুক্ত থাকবে।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন


