৫১তম বিশেষ বিসিএসের আবেদনগ্রহণ চলছে। ইতোমধ্যে ১৫ হাজারের বেশি চিকিৎসক এই বিসিএসে আবেদন করেছেন। আগামী ২৫ অক্টোবর আবেদনের সময় শেষ হবে।
১৫ হাজারের বেশি প্রার্থী আবেদন করলেও অনেকেই আবেদন ফি জমা দেননি। ফলে প্রকৃত আবেদনকারীর সংখ্যা এখনই নিশ্চিত নয়। এই বিসিএসের মাধ্যমে ৫ হাজার চিকিৎসক নিয়োগ দেওয়া হবে। এর মধ্যে ৪৭০০ জন সহকারী সার্জন আর ৩০০ জন ডেন্টাল সার্জন।
গত ২৪ সেপ্টেম্বর ২০২৬ পিএসসির ওয়েবসাইটে এ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। গত ১ অক্টোবর সকাল ১০টা থেকে আবেদন শুরু হয়।
আবেদনপত্র পূরণের নিয়ম
http://bpsc.teletalk.com.bd অথবা ওয়েবসাইটের মাধ্যমে নির্ধারিত আবেদন ফরম পূরণ করতে হবে।
আবেদনকারীর ছবি ও স্বাক্ষর আপলোডের নিয়ম
আবেদনের সব ধাপ সম্পন্ন করার পর ছবি আপলোড করতে হবে। ছবির দৈর্ঘ্য ও প্রস্থ উভয়ই সর্বোচ্চ ৩০০ পিক্সেল হবে। অনধিক তিন মাস আগে তোলা (সানগ্লাস ছাড়া) রঙিন ছবি আপলোড করতে হবে। ফাইল সাইজ হবে সর্বোচ্চ ১০০ কিলোবাইট (কেবি)।
স্বাক্ষরের ক্ষেত্রে ছবির দৈর্ঘ্য সর্বোচ্চ ৩০০ ও প্রস্থ সর্বোচ্চ ৮০ পিক্সেল হবে। ফাইল সাইজ হবে সর্বোচ্চ ৬০ কিলোবাইট (কেবি)।
আবেদন ফি
আবেদনের ফি বাবদ ২০০ টাকা ও ডেটা ভেরিফিকেশন চার্জ, ভ্যাট-আইটিসহ ৫ টাকাসহ মোট ২০৫ টাকা। ক্ষুদ্র জাতিগোষ্ঠীভুক্ত প্রার্থী, প্রতিবন্ধী এবং তৃতীয় লিঙ্গের প্রার্থীদের ক্ষেত্রে পরীক্ষার ফি বাবদ ৫০ টাকা ও ডেটা ভেরিফিকেশন চার্জ, ভ্যাট-আইটিসহ ৫ টাকাসহ মোট ৫৫ টাকা।
আবেদন ফি জমাদানের শেষ তারিখ
২৫ অক্টোবর ২০২৬ সন্ধ্যা ৬ টার মধ্যে ইউজার আইডিপ্রাপ্ত প্রার্থীরা পরবর্তী ৭২ ঘণ্টার মধ্যে, অর্থাৎ ২৮ অক্টোবর সন্ধ্যা ৬টার মধ্যে আবেদন ফি জমা দিতে পারবেন। ফি জমার আগে আবেদন সংশোধনের সুযোগ থাকলেও ফি জমার পর আর কোনো সংশোধন করা যাবে না।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন


