সৌদি আরবের বিমানবন্দরে হুথিদের একের পর এক হামলার মধ্যে ৩৭৯ যাত্রী নিয়ে দেশটির দাম্মামের উদ্দেশে ফ্লাইট পরিচালনা করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইনস।
বৃহস্পতিবার সকাল ৮টায় ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ছেড়ে যায় ফ্লাইটটি।
বিমান কর্তৃপক্ষ জানিয়েছে, সৌদি আরবের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমতি পাওয়ায় নির্ধারিত সময়েই ফ্লাইটটি পরিচালনা করা হয়েছে।
বিমান বাংলাদেশ এয়ারলাইনসের জনসংযোগ বিভাগের মুখপাত্র শাহনুর আহমেদ এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, পূর্বঘোষণা অনুযায়ী সকাল ৮টায় ফ্লাইটটি দাম্মামের উদ্দেশে ছেড়ে গেছে। ফ্লাইট পরিচালনার অনুমতি ছিল কি না—এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘অনুমতি ছিল বিধায় ফ্লাই করেছে। অনুমতি না থাকলে তো আর ফ্লাই করত না।’
এর আগে বুধবার সৌদি আরবের দাম্মামের বাদশা ফাহাদ আন্তর্জাতিক বিমানবন্দরে হুথিদের হামলায় একজন নিহত ও আটজন আহত হন। দেশটির বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ এক বিবৃতিতে এ তথ্য জানায়।
কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা এ খবর প্রকাশ করে। কর্তৃপক্ষ জানায়, আহত ব্যক্তিদের কারো আঘাত সামান্য, আবার কারো গুরুতর। তাদের সবাইকে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।
একই দিন সৌদি আরবের আকাশ প্রতিরক্ষাব্যবস্থা দেশটির রাষ্ট্রীয় তেল কোম্পানি আরামকোর শাইবাহ তেলক্ষেত্রের একটি স্থাপনা লক্ষ্য করে উড়ে আসা একটি ড্রোন প্রতিহত করে। এ ঘটনায় দুজন নিহত হয়েছেন বলে জানিয়েছে সৌদি জ্বালানি মন্ত্রণালয়।
হুথি বিদ্রোহীদের সঙ্গে সৌদি আরব-সমর্থিত ইয়েমেনের আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকারের সংঘাত তীব্র হওয়ার মধ্যে সৌদি আরবের বিমানবন্দরগুলোতে ধারাবাহিক হামলার ঘটনা ঘটছে।
গত সপ্তাহে সৌদি আরব জানায়, ১১ অক্টোবর রিয়াদের বাদশা খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে ক্ষেপণাস্ত্রের আঘাতে একজন নিহত ও ১১ জন আহত হন। এর আগের দিন, ১০ অক্টোবর, একই বিমানবন্দরে পৃথক হামলায় ১২ জন নিহত এবং ৩০০ জনের বেশি আহত হওয়ার কথা জানায় দেশটির বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ।
ধারাবাহিক এসব হামলার কারণে ঢাকা থেকে সৌদি আরবের বিভিন্ন গন্তব্যে সরাসরি ও ট্রানজিট ফ্লাইট বাতিল হতে থাকে। গতকাল বুধবার পর্যন্ত ১৩৪টি ফ্লাইট বাতিল হয়েছে। এতে ২০ হাজারের বেশি যাত্রী আটকা পড়েন।
এ পরিস্থিতিতে সৌদি আরবের বিভিন্ন গন্তব্যে ফ্লাইট পরিচালনার বিষয়ে নতুন সময়সূচি জানিয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইনস। গতকাল বুধবার গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে সংস্থাটি জানায়, সৌদি আরবের বিমানবন্দরগুলোতে হামলাজনিত পরিস্থিতির ক্রমাগত উন্নতি হওয়ায় আগামী ২৫ অক্টোবর রিয়াদগামী একটি ফ্লাইট পরিচালনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বাংলাদেশ সময় ২৫ অক্টোবর দিবাগত রাত ১টা ২৫ মিনিটে ফ্লাইটটি ঢাকা থেকে রিয়াদের উদ্দেশে ছেড়ে যাবে। সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ ও পর্যালোচনা করে রিয়াদগামী অন্য ফ্লাইটগুলোর বিষয়ে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।
বিমান বাংলাদেশ এয়ারলাইনসের দাম্মামগামী ফ্লাইট ২১ অক্টোবর থেকে আবার চালু হয়েছে। আগামী ২৬ অক্টোবর পর্যন্ত প্রতিদিন বাংলাদেশ সময় সকাল ৮টায় ঢাকা থেকে দাম্মামের উদ্দেশে ফ্লাইট ছেড়ে যাবে। এসব ফ্লাইট পরিচালিত হবে বোয়িং ৭৭৭ বিমান দিয়ে।
জেদ্দাগামী ফ্লাইটের ক্ষেত্রে আজ ২২ অক্টোবর ঢাকা থেকে দুটি ফ্লাইট পরিচালনা করা হবে। এ ছাড়া ২৩, ২৪ ও ২৫ অক্টোবর প্রতিদিন বাংলাদেশ সময় সন্ধ্যা ৭টা ২০ মিনিটে ঢাকা থেকে জেদ্দার উদ্দেশে একটি করে ফ্লাইট ছেড়ে যাবে।
অন্যদিকে মদিনাগামী ফ্লাইট ১৮ অক্টোবর থেকে নিয়মিত চলছে। এ রুটে বোয়িং ৭৮৭ বিমান ব্যবহার করা হচ্ছে। পরবর্তী সিদ্ধান্ত না আসা পর্যন্ত মদিনাগামী ফ্লাইটের কার্যক্রম ও সময়সূচি অপরিবর্তিত থাকবে।
বিমান বাংলাদেশ এয়ারলাইনস জানিয়েছে, এসব রুটে ফ্লাইট পরিচালনা ও সময়সূচি নিয়ে পরবর্তী হালনাগাদ তথ্য যথাসময়ে জানানো হবে। টিকিট কেনা, বুকিং ও ভ্রমণসংক্রান্ত তথ্যের জন্য যাত্রীদের নিকটস্থ বিমানের বিক্রয়কেন্দ্রে যোগাযোগ করতে অনুরোধ জানিয়েছে সংস্থাটি।
এএম
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন


