উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়া হলো ভূমিমন্ত্রী মিনুকে

উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়া হলো ভূমিমন্ত্রী মিনুকে
ছবি: আমার দেশ

অসুস্থ ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনুকে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতাল থেকে ঢাকার পিজি হাসপাতালে নেওয়া হয়েছে। বৃহস্পতিবার সকাল ৮টা ৪৫ মিনিটে ইউএস-বাংলা এয়ারলাইনসের একটি ফ্লাইটে রাজশাহীর শাহ মখদুম বিমানবন্দর থেকে তাকে ঢাকায় নেওয়া হয়। সেখানে বিশেষজ্ঞ চিকিৎসকদের অধীনে তার চিকিৎসা চলবে।

এর আগে সকাল সাড়ে ৭টার দিকে রামেক হাসপাতাল থেকে তাকে বিমানবন্দরে নিয়ে যান পবা-মোহনপুর আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট শফিকুল হক মিলন। এ সময় তিনি গণমাধ্যমকর্মীদের কাছে ভূমিমন্ত্রীর শারীরিক অবস্থার বিষয়ে বিস্তারিত তুলে ধরেন।

বিজ্ঞাপন

অ্যাডভোকেট শফিকুল হক মিলন জানান, কয়েক দিন আগে চিকিৎসার জন্য সিঙ্গাপুরে গিয়েছিলেন ভূমিমন্ত্রী। সেখানে তাকে দেওয়া ওষুধের ব্যবহারে সম্ভবত কোনো ত্রুটি-বিচ্যুতির কারণে রক্তে হিমোগ্লোবিনের মাত্রা কমে যায়। এ কারণে গত কয়েক দিন ধরে তাকে বারবার রক্ত দিতে হচ্ছিল।

তিনি আরও জানান, দুই দিন আগে প্রধানমন্ত্রী তারেক রহমানের রাজশাহী সফর উপলক্ষে অসুস্থতা সত্ত্বেও ভূমিমন্ত্রীকে বিভিন্ন কর্মসূচিতে উপস্থিত থাকতে হয়েছিল। এতে তার শারীরিক পরিশ্রমও হয়েছে। এ সময় রাজশাহীর বিশেষজ্ঞ চিকিৎসকেরা তাকে নিয়মিত পর্যবেক্ষণে রেখেছিলেন। পরে চিকিৎসকদের পরামর্শে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকার পিজি হাসপাতালে নেওয়ার সিদ্ধান্ত হয়।

ভূমিমন্ত্রীর ব্যক্তিগত সহকারী (এপিএস) নাজমুল হক ডিকেনও বিষয়টি নিশ্চিত করে বলেন, উন্নত চিকিৎসার জন্য মন্ত্রীকে রাজশাহী থেকে ঢাকার পিজি হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। সেখানেই তার চিকিৎসা চলবে।

বিমানবন্দরে নেওয়ার সময় বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এদিকে ভূমিমন্ত্রীর দ্রুত সুস্থতা কামনা করে দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন অ্যাডভোকেট শফিকুল হক মিলন। রাজশাহীবাসী ও দলের নেতাকর্মীদের পক্ষ থেকেও তার দ্রুত আরোগ্য কামনা করা হয়েছে।

প্রসঙ্গত, বুধবার সকাল সাড়ে ১০টার দিকে অসুস্থ হয়ে পড়লে ভূমিমন্ত্রীকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। রক্তশূন্যতার কারণে হাসপাতালের কেবিনে চিকিৎসাধীন অবস্থায় তাকে একাধিক ব্যাগ রক্ত দেওয়া হয়। তার অসুস্থতার খবর ছড়িয়ে পড়ার পর সন্ধ্যা থেকে গভীর রাত পর্যন্ত রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দ, চিকিৎসকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ তাকে দেখতে হাসপাতালে ভিড় করেন। এ সময় ভূমিমন্ত্রী সবার কাছে তার সুস্থতার জন্য দোয়া কামনা করেন।

এমএইচ

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন