অধিকৃত পশ্চিম তীরে ফিলিস্তিনি কৃষক ও আন্তর্জাতিক স্বেচ্ছাসেবকদের সঙ্গে জলপাই সংগ্রহের সময় মার্কিন কংগ্রেস নির্বাচনে ডেমোক্রেটিক প্রার্থী ব্র্যাড ল্যান্ডারকে আটক করেছে ইসরাইলি বাহিনী। ল্যান্ডার নিউইয়র্কের মেয়র জোহরান মামদানির একজন ঘনিষ্ঠ মিত্র।
সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে ল্যান্ডার জানান, বেথলেহেমের পশ্চিমে জলপাই সংগ্রহের সময় একদল রাব্বি ও স্বেচ্ছাসেবকের সঙ্গে তাকেও আটক করা হয়।
এক্সে দেওয়া পোস্টে তিনি লেখেন, ‘আন্তর্জাতিক আইনে দখলদারত্ব একটি অপরাধ। অথচ জলপাই সংগ্রহ করা কোনো আইনেই অপরাধ নয়-অন্তত আমার জানা কোনো আইনে নয়।’
পরে আরেকটি পোস্টে ল্যান্ডার জানান, তার পরিচিতি ও প্রভাবের কারণে তাকে ছেড়ে দেওয়া হয়েছে। একই সঙ্গে তিনি বলেন, ফিলিস্তিনিরা প্রতিদিন এর চেয়ে অনেক ভয়াবহ পরিণতির মুখোমুখি হন।
ফিলিস্তিনি আন্দোলনকারী আমিরা মুসলিম আনাদোলুকে জানান, বেথলেহেমের পশ্চিমে হুসান শহরে জলপাই সংগ্রহের সময় ইসরাইলি বাহিনী ল্যান্ডারসহ ৪৫ জন বিদেশি স্বেচ্ছাসেবক ও ২৫ জন ইসরাইলি আন্দোলনকারীকে আটক করে।
ল্যান্ডারের এ অভিযোগের জবাবে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে ইসরাইলের পররাষ্ট্র মন্ত্রণালয়। ঘটনাটিকে ‘পরিকল্পিত রাজনৈতিক নাটক’ আখ্যা দিয়ে মন্ত্রণালয় বলেছে, ইসরাইলি কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করার নির্দেশনা উপেক্ষা করেছিলেন ল্যান্ডার।
ইসরায়েলি সামরিক বাহিনী জানিয়েছে, ফিলিস্তিনি জমির মালিক জলপাই সংগ্রহের জন্য প্রয়োজনীয় অনুমতি চাননি। তাদের দাবি, একটি ইসরাইলি বসতির কাছে ‘সমন্বয়হীনভাবে জলপাই সংগ্রহের’ কারণে নিরাপত্তাঝুঁকি তৈরি হতে পারে।
সামরিক বাহিনী এক বিবৃতিতে বলেছে, এলাকার নিরাপত্তা নিশ্চিত করা এবং জনশৃঙ্খলা বজায় রাখার জন্য এ ধরনের সমন্বয় প্রয়োজন।
জলপাই সংগ্রহের মৌসুমে ফিলিস্তিনিদের ওপর সহিংসতা ও হামলার ঘটনায় ইসরাইলের বিরুদ্ধে আন্তর্জাতিক সমালোচনা ক্রমেই বাড়ছে। মানবাধিকার সংগঠনগুলো জানিয়েছে, বসতি স্থাপনকারীরা প্রতিদিনই ফিলিস্তিনিদের ওপর একাধিক হামলা চালাচ্ছেন এবং জলপাই সংগ্রহে বাধা দিচ্ছেন।
ইহুদি বংশোদ্ভূত ল্যান্ডার নিউইয়র্কের মেয়র জোহরান মামদানির ঘনিষ্ঠ মিত্র। মামদানি ইসরাইলি নীতির প্রকাশ্য সমালোচক হিসেবে পরিচিত।
গত জুনে ডেমোক্রেটিক পার্টির প্রাথমিক নির্বাচনে ল্যান্ডার বর্তমান কংগ্রেস সদস্য ড্যান গোল্ডম্যানকে পরাজিত করেন। গোল্ডম্যান ডেমোক্র্যাটদের মধ্যে ইসরাইলের প্রতি সমর্থন অব্যাহত রাখা অল্প কয়েকজন নেতার একজন।
সূত্র: আনাদোলু
আরএ
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন


