তথ্য ও সম্প্রচারমন্ত্রী ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ বলেছেন, জাতীয়তাবাদী শক্তি যখনই ক্ষমতায় এসেছে, তখনই বাংলাদেশের মানুষ ধর্মীয় মূল্যবোধ যথাযথভাবে পালন করতে পেরেছে, যার বাস্তব প্রমাণ হচ্ছে হিন্দু সম্প্রদায়ের এই শারদীয় দুর্গোৎসব। আমরা নির্বাচনের আগেও বলেছি এবং সব সময় বলে আসছি, জাতীয়তাবাদী শক্তি ক্ষমতায় থাকলে বাংলাদেশের হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিষ্টান সবাই তাদের ধর্মীয় মূল্যবোধ যথাযথভাবে পালন করতে পারবে।
তিনি আরও বলেন, এ ক্ষেত্রে বাংলাদেশ পুলিশ ও ভোলা জেলা প্রশাসনকে ধন্যবাদ জানাই। তারা হিন্দু সম্প্রদায়ের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব শারদীয় দুর্গোৎসবের নিরাপত্তা বিধানে যথাযথ পদক্ষেপ নিতে পেরেছে। কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা বা নিরাপত্তা বিঘ্নিত হওয়া ছাড়াই সনাতন ধর্মাবলম্বীরা তাদের উৎসব পালন করতে পেরেছেন।
গতকাল বুধবার রাতে ভোলায় হিন্দু সম্প্রদায়ের শারদীয় দুর্গাপূজা মণ্ডপ পরিদর্শনের সময় তিনি এসব কথা বলেন।
মন্ত্রী সনাতন ধর্মাবলম্বীদের উদ্দেশে বলেন, ‘আপনারা যখনই প্রয়োজন মনে করবেন, আমাকে আপনাদের পাশে পাবেন। আপনাদের যেকোনো সহযোগিতায় নির্বাচনের আগেও ছিলাম, এখনো থাকব। আপনারা ভালো থাকলেই আমাদের ভালো থাকা। আপনাদের এই শারদীয় দুর্গোৎসব সফল ও সুন্দর হোক—এই কামনাই করি।’
পরিদর্শনকালে মন্ত্রী বিকাশ মজুমদারের বাড়ির পূজামণ্ডপ, অনুজকাহালী লেনের পূজামণ্ডপ, মদনমোহন মন্দির, ওয়েস্টার্ন পাড়ার শতদল বিকাশ ক্লাবসংলগ্ন পূজামণ্ডপ, মিহিরলাল সাহার বাড়ির পূজামণ্ডপ, লক্ষ্মীগোবিন্দ মন্দির, বাপ্পা মহাজনের পোল পূজামণ্ডপ, বাপ্তা শক্তি সংঘ পূজামণ্ডপ এবং সার্কুলার রোডের পূজামণ্ডপ পরিদর্শন করেন।
এ সময় জেলা প্রশাসক, পুলিশ সুপার, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য ও বিভিন্ন রাজনৈতিক দলের স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

