বাংলাদেশের কোনো নাগরিক যেন বিদেশের যুদ্ধক্ষেত্রে ব্যবহৃত না হয়, তা নিশ্চিত করার জোরালো দাবি জানিয়েছেন সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য রেহানা আক্তার রানু।
সোমবার জাতীয় সংসদের ৭১ বিধির জরুরি জনগুরুত্বপূর্ণ মনোযোগ আকর্ষণ নোটিশের ওপর আলোচনায় অংশ নিয়ে তিনি এ কথা বলেন। এ সময় সংসদের সভাপতিত্ব করেন ডেপুটি স্পিকার কায়সার কামাল।
রেহানা আক্তার রানু বলেন, ‘নিরাপদ চাকরির ভুয়া প্রলোভন ও উন্নত জীবনের আশায় কড়া সুদে ঋণ নিয়ে এবং ভিটেমাটি বিক্রি করে একদল বাংলাদেশি রাশিয়ায় পাড়ি জমিয়েছিল। কিন্তু প্রতিশ্রুত চাকরির বদলে তাদের রাশিয়ার সেনাবাহিনীর হাতে তুলে দেওয়া হয়। প্রশিক্ষণ শেষে নামানো হয় রাশিয়া-ইউক্রেন যুদ্ধের ময়দানে। গত তিন বছরে এভাবে ৫৪ জনের মৃত্যু হয়েছে এবং অনেকে পঙ্গুত্ববরণ করেছেন। যুদ্ধের ময়দানে নিহতদের লাশও এখনো বুঝে পাচ্ছে না পরিবার। একদিকে স্বজন হারানোর বেদনা, অন্যদিকে ঋণদাতাদের অব্যাহত চাপ পরিবারগুলোর জীবন দুর্বিষহ করে তুলেছে।’
গণমাধ্যমের তথ্য উল্লেখ করে তিনি বলেন, ‘পাচারকারীরা এখন শুধু দালাল সেজে নয়, এআই ডিপফেক, সামাজিক যোগাযোগমাধ্যম ও ক্রিপ্টোকারেন্সির মতো আধুনিক প্রযুক্তি ব্যবহার করে মানুষকে ফাঁদে ফেলছে। এই উদ্বেগজনক পরিস্থিতি মোকাবিলায় প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও পররাষ্ট্র মন্ত্রণালয়কে যৌথভাবে প্রযুক্তিগত ও কূটনৈতিক সমন্বিত পদক্ষেপ নিতে হবে। মানবপাচারকারীদের কঠোর শাস্তি নিশ্চিত করার পাশাপাশি ভুক্তভোগী পরিবারগুলোকে ক্ষতিপূরণ দিতে হবে। একই সঙ্গে যাঁরা বর্তমানে রাশিয়ার যুদ্ধক্ষেত্রে রয়েছেন, তাঁদের দ্রুত দেশে ফিরিয়ে আনার দাবি জানাচ্ছি।’
আলোচনায় অংশ নিয়ে চট্টগ্রাম-১২ আসনের সংসদ সদস্য সরওয়ার জামাল নিজাম বলেন, ‘মন্ত্রী মহোদয়েরা যখন নিজ নিজ সংসদীয় এলাকায় যান, তখন স্থানীয় সংসদ সদস্যদেরও সঙ্গে রাখা উচিত। এতে এলাকার মানুষের সরকারের প্রতি আস্থা আরও বেড়ে যায়।’
পরে এ বিষয়ে সুনির্দিষ্ট মন্তব্য করে ডেপুটি স্পিকার কায়সার কামাল বলেন, ‘আমরা অনেকের কাছ থেকেই এ ধরনের অভিযোগ পাই। মাননীয় মন্ত্রীরা বিভিন্ন এলাকায় সফরে গেলে অনেক সময় ওই এলাকার স্থানীয় সংসদ সদস্যদের সঙ্গে রাখেন না। সরকারি দল কিংবা বিরোধী দল—যে পক্ষেরই সংসদ সদস্য হোন না কেন, স্থানীয় সংসদ সদস্যদের সঙ্গে রাখা বাঞ্ছনীয় বলে আমি মনে করি।’
সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য নিলুফার চৌধুরী মনি রাজধানী ঢাকার ধানমাদী, ক্রিসেন্ট, গুলশান ও বনানী লেকের দূষণ নিয়ে তীব্র উদ্বেগ প্রকাশ করেন। তিনি বলেন, একসময় এসব লেককে রাজধানীর ফুসফুস বলা হতো। মহানগরীর বায়ুদূষণ কমাতে জলাধারগুলো গুরুত্বপূর্ণ ভূমিকা রাখত। কিন্তু বর্তমানে এগুলো ময়লার ভাগাড় ও দূষণের উপাদানে পরিণত হয়েছে। দূষণের মাত্রা এতটাই তীব্র যে লেকের জীববৈচিত্র্য ধ্বংস হচ্ছে, মাছ মরে ভেসে উঠছে এবং আশপাশের গাছপালা ও প্রাণিকুল মারাত্মক ক্ষতির শিকার হচ্ছে।
নিলুফার চৌধুরী মনি আরও বলেন, ‘দূষিত পানিতে মশার বংশবিস্তার ঘটছে এবং লেকের পাশে বসবাসকারী মানুষ চরম স্বাস্থ্যঝুঁকিতে রয়েছেন। আবাসিক এলাকা ও কোথাও কোথাও কারখানার বর্জ্য সরাসরি লেকে ফেলা হচ্ছে। কারখানার মালিকেরা বর্জ্য শোধনাগার (ইটিপি) স্থাপনের নির্দেশনা উপেক্ষা করছেন। লেকের পানি বিষাক্ত হয়ে উঠেছে এবং উৎকট গন্ধের কারণে এর পাশ দিয়ে হাঁটাও দায় হয়ে পড়েছে। এসব সমস্যা সমাধানে ওয়াসের মাস্টারপ্ল্যান বাস্তবায়ন এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে প্রয়োজনীয় ক্ষমতা দেওয়ার ওপর জোর দিচ্ছি।’
মাদারীপুর-৩ আসনের সংসদ সদস্য আনিছুর রহমান বলেন, ভারী বর্ষণে তাঁর নির্বাচনী এলাকার চলাচল উপযোগী অনেক সড়ক নষ্ট হয়ে গেছে। এসব সড়ক পুনঃসংস্কারের জন্য প্রয়োজনীয় বরাদ্দ ও দরপত্র আহ্বানে মারাত্মক ধীরগতি লক্ষ্য করা যাচ্ছে। এখন পর্যন্ত মাত্র তিনটি সড়কের মেরামতের দরপত্র হয়েছে বলে জানান তিনি।
আনিছুর রহমান বলেন, মার্চ, এপ্রিল, মে ও জুন মাসের মতো অর্থবছরের শেষ দিকে তাড়াহুড়ো করে দরপত্র আহ্বান করা হলে কাজের মান ঠিক থাকে না। তাই জরাজীর্ণ সড়কগুলো দ্রুত মেরামতের জন্য ডিসেম্বরের মধ্যেই দরপত্র আহ্বানের সুনির্দিষ্ট ব্যবস্থা নেওয়ার জন্য তিনি স্থানীয় সরকার মন্ত্রীর প্রতি অনুরোধ জানান।
কুমিল্লা-৯ আসনের সংসদ সদস্য মো. আবুল কালাম বন্ধ কলকারখানা চালু এবং সচল কারখানার উৎপাদন বাড়াতে ৬০ হাজার কোটি টাকার প্রণোদনা প্যাকেজ বা সহজ শর্তে স্বল্পসুদের ঋণ দ্রুত ছাড়ের জোরালো দাবি জানান। তিনি বলেন, ‘অর্থ মন্ত্রণালয় এ অর্থ ছাড়ের বিষয়ে বাংলাদেশ ব্যাংককে সুনির্দিষ্ট নির্দেশনা দিয়েছে। বাংলাদেশ ব্যাংক, বাণিজ্যিক ব্যাংক ও উদ্যোক্তাদের মধ্যে একাধিক বৈঠক হলেও এখনো ঋণের কাঙ্ক্ষিত অর্থ ছাড় হয়নি।’
তাঁর অভিযোগ, বাণিজ্যিক ব্যাংকগুলো বিভিন্ন অজুহাতে অর্থ ছাড় আটকে রাখছে এবং ঋণ পেতে সংশ্লিষ্ট প্রতিষ্ঠান ও ব্যাংকের সঙ্গে সুসম্পর্ক থাকার শর্ত জুড়ে দিচ্ছে। ফলে বাংলাদেশ ব্যাংকের নির্দেশিত নীতিমালা ব্যাংকগুলো মানতে চাইছে না। আগের সরকারের আমলের অনেক কর্মকর্তা এখনো বাণিজ্যিক ব্যাংকগুলোতে বহাল থাকায় সরকারের এই নীতি বাস্তবায়নে বাধা তৈরি হচ্ছে বলে মন্তব্য করেন তিনি।
খুলনা-৪ আসনের সংসদ সদস্য এস কে আজিজুল বারী ডেঙ্গু প্রতিরোধে চিকিৎসাকেন্দ্রিক পরিকল্পনার পরিবর্তে সমন্বিত ও প্রতিরোধমূলক উদ্যোগ নেওয়ার প্রস্তাব দেন। তিনি বলেন, মশা মারতে শুধু ফগিং বা ওড়ার ওষুধ ছিটানোর পাশাপাশি মশার লার্ভা ধ্বংসের দিকে বেশি নজর দিতে হবে। মশা যেখানে ডিম পাড়ে, যদি সেই উৎসস্থলগুলোতেই লার্ভা ধ্বংস করা যায়, তবেই কেবল ডেঙ্গু মহামারি কার্যকরভাবে প্রতিরোধ করা সম্ভব।
শিক্ষাপ্রতিষ্ঠানের বরাদ্দে বৈষম্য ও রাজনৈতিক প্রভাবের অভিযোগ
জয়পুরহাট-১ আসনের সংসদ সদস্য মো. ফজলুর রহমান সাঈদ শিক্ষাপ্রতিষ্ঠানের ভবন নির্মাণ, সংস্কার ও মেরামতের বরাদ্দে ব্যাপক বৈষম্য ও দলীয়করণের অভিযোগ তোলেন। তিনি বলেন, ‘সরকারি সার্কুলার অনুযায়ী আমরা সংসদ সদস্যরা ডিও লেটার দিলেও এখন পর্যন্ত তেমন কোনো সাড়া পাচ্ছি না। উল্টো কিছু এলাকায় সরকারি দলের কিছু নেতাকর্মী শিক্ষাপ্রতিষ্ঠানে গিয়ে শিক্ষকদের বলছেন যে, বিরোধী দলের সংসদ সদস্যদের ডিও লেটারে কোনো কাজ হবে না, তাদের সঙ্গে যোগাযোগ করতে হবে।’
তিনি আরও অভিযোগ করেন, এ ধরনের পরিস্থিতিতে বিভিন্ন স্থানে একধরনের বিশৃঙ্খলা ও চাঁদাবাজিরও পাঁয়তারা চলছে। শুধু উন্নয়নকাজ নয়, বিভিন্ন অফিস-আদালতেও রাজনৈতিক প্রভাব ও দলীয়করণ চলছে। সরকারি দলের লোকজনের অযাচিত দৌরাত্ম্যের কারণে অনেক সরকারি কর্মকর্তা তাঁদের নির্দেশনা ছাড়া স্বাভাবিক দাপ্তরিক কাজ করতে ভয় পাচ্ছেন। সংসদ সদস্যদের দেওয়া বৈধ ডিও লেটারের ভিত্তিতে দ্রুত শিক্ষাপ্রতিষ্ঠানের উন্নয়নকাজ পরিচালনার দাবি জানান তিনি।
কুমিল্লা-১০ আসনের সংসদ সদস্য মো. মোবাশ্বের আলম ভূঁইয়া দেশের সরকারি হাসপাতালগুলোতে সেবার মান ও জবাবদিহি নিশ্চিত করার দাবি জানান। তিনি বলেন, শহর থেকে শুরু করে তৃণমূল পর্যন্ত সরকারি স্বাস্থ্যসেবার চিত্র অত্যন্ত হতাশাজনক। কোথাও হাসপাতাল থাকলেও চিকিৎসক নেই, আবার চিকিৎসক থাকলেও প্রয়োজনীয় ওষুধ মেলে না।
তিনি আরও বলেন, সরকারি হাসপাতালে পরীক্ষার যন্ত্রপাতি থাকলেও প্রয়োজনীয় রিয়াজেন্ট বা প্রশিক্ষিত টেকনোলজিস্টের অভাবে রোগীরা সঠিক সেবা থেকে বঞ্চিত হচ্ছেন। অনেক স্থানে সকাল ৮টা থেকে দুপুর ১টা পর্যন্ত মাত্র পাঁচ ঘণ্টা রোগ নির্ণয় সেবা চালু থাকে, বাকি ১৯ ঘণ্টা তা বন্ধ রাখা হয়। এর ফলে বাধ্য হয়ে প্রায় ৭৫ শতাংশ রোগীকে অতিরিক্ত টাকা খরচ করে বেসরকারি ডায়াগনস্টিক সেন্টারে ছুটতে হয়।
বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠানের (বিআইডিএস) তথ্য তুলে ধরে তিনি বলেন, চিকিৎসার ব্যয় মেটাতে গিয়ে প্রতি বছর ৬১ লাখ ৩০ হাজার মানুষ দারিদ্র্যসীমার নিচে নেমে যাচ্ছেন। দেশের প্রায় ৫৮ শতাংশ মানুষ বাধ্য হয়ে ধারদেনা করে চিকিৎসা নিচ্ছেন এবং প্রায় তিন কোটি মানুষ অর্থের অভাবে কোনো চিকিৎসায়ই নিতে পারছেন না। অবিলম্বে সরকারি হাসপাতালের সেবার মান উন্নত করে গরিব মানুষের চিকিৎসা নিশ্চিত করার দাবি জানান তিনি।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

