মন্ত্রণালয় থেকে সংসদে বিল আসতে দেরি হওয়ায় ডেপুটি স্পিকারের উষ্মা

মন্ত্রণালয় থেকে সংসদে বিল আসতে দেরি হওয়ায় ডেপুটি স্পিকারের উষ্মা
ডেপুটি স্পিকার কায়সার কামাল। ফাইল ছবি

অনুমোদন পাওয়ার পর সময়মতো সংসদে বিল না আসায় চরম উষ্মা ও অসন্তোষ প্রকাশ করেছেন জাতীয় সংসদের ডেপুটি স্পিকার কায়সার কামাল। নির্বাহী বিভাগকে উদ্দেশ করে তিনি আইনসভাকে অবজ্ঞা না করে শক্তিশালী করার আহ্বান জানান এবং ভবিষ্যতে এ বিষয়ে সতর্ক থাকার তাগিদ দেন।

সোমবার জাতীয় সংসদে ‘বগুড়া উন্নয়ন কর্তৃপক্ষ বিল, ২০২৬’ উত্থাপনের সময় মন্ত্রিসভায় পাসের পর সংসদে আসতে চার মাস সময় লাগার প্রসঙ্গ টেনে ডেপুটি স্পিকার এই প্রতিক্রিয়া ব্যক্ত করেন। গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী জাকারিয়া তাহের বিলটি সংসদে উত্থাপন করেন।

বিজ্ঞাপন

বিল উত্থাপনের পূর্বে মন্ত্রীকে উদ্দেশ করে ডেপুটি স্পিকার বলেন, গত ২৩ জুলাই এটি মন্ত্রিসভায় অনুমোদিত হলেও চার মাস ধরে কেন সংসদে আসেনি? তিনি উল্লেখ করেন, পর্যাপ্ত সময় থাকা সত্ত্বেও নির্বাহী বিভাগ থেকে আইনসভায় সময়মতো বিল না পাঠানোয় সংসদ সদস্যরা সময়মতো তা পর্যালোচনার সুযোগ পান না। নির্ধারিত সময়ের পর আসায় বিশেষ ক্ষমতা (টাইম কন্ডোন) ব্যবহার করে অনুমতি দিতে হচ্ছে জানিয়ে তিনি আরো বলেন, “মন্ত্রিপরিষদে অনুমোদিত বিল সংসদে আসতে তিন-চার মাস সময় লাগার কথা নয়। আপনি উত্থাপন করতে পারেন, তবে পরবর্তীতে সতর্ক থাকবেন দয়া করে। লেজিসলেচারকে পাওয়ারড করেন, ইগনোর করবেন না।”

সংসদে ক্ষোভ প্রকাশের পর্ব শেষে গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী জাকারিয়া তাহের বগুড়া শহর ও এর সংলগ্ন এলাকার পরিকল্পিত নগরায়ণ নিশ্চিতের লক্ষ্যে ‘বগুড়া উন্নয়ন কর্তৃপক্ষ বিল, ২০২৬’ সংসদে উত্থাপন করেন। পরে বিলটি পরীক্ষা-নিরীক্ষা করে তিন দিনের মধ্যে প্রতিবেদন দাখিলের জন্য সংশ্লিষ্ট সংসদীয় স্থায়ী কমিটিতে পাঠানো হয়। বিলে উল্লেখ করা হয়, রাজউক, সিডিএ, কেডিএ এবং আরডিএ-র আদলে বগুড়া সিটি করপোরেশন ও এর আশপাশের এলাকার ভূমি ব্যবহারের পরিকল্পনা, জরিপ, এবং আধুনিক পরিকাঠামো উন্নয়নের লক্ষ্যে ‘বগুড়া উন্নয়ন কর্তৃপক্ষ (বউক)’ গঠন করা হবে।

তিনটি অধ্যাদেশ সংসদে উপস্থাপন

এদিকে বর্তমান জাতীয় সংসদ অধিবেশন শুরু হওয়ার আগে জারি করা তিনটি অধ্যাদেশও সোমবারের প্রথম বৈঠকে পেশ করা হয়েছে। অধ্যাদেশগুলো হলো—‘পাবলিক প্রকিউরমেন্ট (সংশোধন) অধ্যাদেশ–২০২৬’, ‘মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক (সংশোধন) অধ্যাদেশ–২০২৬’ এবং ‘বিশেষ সৌরবিদ্যুৎ স্থাপন অধ্যাদেশ–২০২৬’। আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান অধ্যাদেশগুলো জাতীয় সংসদে উত্থাপন করেন।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন