সেনেগালে চলমান যুব অলিম্পিক গেমসে রীতিমতো চমক দিলেন অ্যাথলেট শিপন মিয়া। ১০০ মিটার স্প্রিন্টে ফাইনালে উঠেছেন বাংলাদেশের এই তরুণ। ফাইনালে হয়েছেন সপ্তম। আগে কখনো বাংলাদেশের কোনো অ্যাথলেট বৈশ্বিক পর্যায়ে কোনো গেমস কিংবা চ্যাম্পিয়নশিপে ফাইনালেই যেতে পারেননি। এর আগে ২০১৭ সালে বিশ্ব যুব অ্যাথলেটিকস চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালে উঠেছিলেন বাংলাদেশের জহির রায়হান।
১০০ মিটার স্প্রিন্টের সেমিফাইনালে ১১ দশমিক ০৯ সেকেন্ড সময় নিয়ে ক্যারিয়ারসেরা টাইমিং গড়েন শিপন। নিজের হিটে চতুর্থ হয়ে ফাইনালে জায়গা করে নেন তিনি। দুই সেমিফাইনালের শীর্ষ চারজন এবং দুই হিট মিলিয়ে সেরা টাইমিং করা অ্যাথলেটরা ফাইনালে ওঠেন। তবে ফাইনালে সেমিফাইনালের পারফরম্যান্স ধরে রাখতে পারেননি বাংলাদেশের এই স্প্রিন্টার। ১১ দশমিক ১৮ সেকেন্ড সময় নিয়ে নয় প্রতিযোগীর মধ্যে সপ্তম হন তিনি। ব্রোঞ্জ পদকজয়ী পোল্যান্ডের অ্যাথলেটের টাইমিং ছিল ১০ দশমিক ৬১ সেকেন্ড। এই ইভেন্টে নাইজেরিয়ার ব্রাইট গিফট ১০ দশমিক ২৮ সেকেন্ড সময় নিয়ে স্বর্ণ পদক জিতেছেন। চীনের প্রতিযোগী ঝ্যাং হানগুই (১০ দশমিক ৫৭ সেকেন্ড) রৌপ্য ও পোল্যান্ডের ডোলেগা জিমন (১০ দশমিক ৬১ সেকেন্ড) ব্রোঞ্জ পদক পেয়েছেন। এবারের যুব অলিম্পিকে অ্যাথলেটিকস, বক্সিং ও সাঁতারে বাংলাদেশের চার ক্রীড়াবিদ অংশ নিয়েছেন।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

