সিলেট টেস্টের দুই ইনিংসেই বীরত্বসূচক পারফর্ম করেছেন তাওহীদ হৃদয়। প্রথম ইনিংসে ডাবল সেঞ্চুরি এবং দ্বিতীয় ইনিংসে মহামূল্যবান ৮২ রান করেন এই ব্যাটার। তার ব্যাটে চেপেই সিলেট টেস্টে হার এড়াল বাংলাদেশ
হৃদয় ছাড়া সিলেট টেস্টে ড্রয়ে বড় ভূমিকা রেখেছে পিচ। পঞ্চম দিনেও ব্যাটাররা ব্যাটিং করেছেন সাবলীলভাবেই। আলোকস্বল্পতার কারণে পঞ্চম দিন খেলা কম হয়েছে ৫০ মিনিট। খেলা আর মাঠে না গড়ানোর সম্ভাবনা থাকায় নির্ধারিত সময়ের আধা ঘন্টা আগেই ড্র মেনে নিয়েছে দুই দল।
আমির জাঙ্গুর সেঞ্চুরিতে প্রথম ইনিংসে ৩৫৬ রান করে ওয়েস্ট ইন্ডিজ। জবাব দিতে নেমে হৃদয়ের ডাবল সেঞ্চুরিতে বাংলাদেশ করে ৩৮৬। দ্বিতীয় ইনিংসে উইন্ডিজ ৬ উইকেটে ৩৯৮ রান করে ডিক্লেয়ার ঘোষণা করে। ৩৬৯ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ৪ উইকেটে ১৮৪ রানে শেষ হয় খেলা।
এর আগে পঞ্চম দিন ৩ উইকেটে ৩৪৫ রান নিয়ে ব্যাটিংয়ে নেমে দিনের দ্বিতীয় ওভারেই নাঈম হাসানের বলে ফাইন লেগে হাসান মাহমুদের হাতে ক্যাচ দিয়েছেন কাভেম হজ। আগের দিনের ১৪০ রানের সঙ্গে আর দুই রান যোগ করতে পেরেছেন তিনি।
এরপর মেহেদী হাসান মিরাজের বলে এলবিডব্লিউ হয়েছেন জাস্টিন গ্রিভস। দ্রুত রানের জন্য একটু আগেভাগেই নামানো হয়েছিল শামার জোসেফকে। খুব একটা কাজে লাগেনি তা। নাঈম হাসানের বল তুলে মারতে গিয়ে লং অফে তানজিদের হাতে ক্যাচ দিয়েছেন তিনি।
বড় লক্ষ্য নিয়ে ব্যাটিংয়ে নেমে মাত্র ৪০ রানেই প্রথম ২ উইকেট হারায় বাংলাদেশ। তবে তৃতীয় উইকেটে ১৩৫ রানের বড় জুটি গড়েন মুশফিকুর রহিম এবং তাওহীদ হৃদয়।
ফিফটি তুলে নিয়ে ৮২ রান করে জোমেল ওয়ারিক্যানের বলে আউট হন হৃদয়। তবে এর আগে আরও একটি রেকর্ডের মালিক হন হৃদয়। বাংলাদেশের হয়ে এক টেস্টের দুই ইনিংস মিলিয়ে সর্বোচ্চ ব্যক্তিগত রানের রেকর্ড এখন হৃদয়ের।
টেস্টের দুই ইনিংস মিলিয়ে সর্বোচ্চ ব্যক্তিগত রানের রেকর্ডটা এতদিন ছিল মুমিনুল হকের। ২০১৮ সালে শ্রীলঙ্কার বিপক্ষে দুই ইনিংসে সেঞ্চুরি করে ২৮১ রান করেছিলেন মুমিনুল হক। ইতোমধ্যে সেই রেকর্ড টপকে গিয়েছেন হৃদয়।
মুমিনুলকে টপকাতে দ্বিতীয় ইনিংসে হৃদয়ের দরকার ছিল ৪০ রান। ৮২ রান করেছেন হৃদয়। তাতে দুই ইনিংসে তার মোট স্কোর দাঁড়িয়েছে ৩২৪ রান।
ফিফটি থেকে মাত্র ১ রান দূরে থাকতে আউট হন মুশফিকুর রহিম। লিটন দাস ৭ এবং মেহেদী মিরাজ ১ রানে অপরাজিত থাকেন।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

